২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জন্মদিনের প্রার্থনা যেন আরও কিছু ভালো গান করতে পারি’

হিন্দুস্তান টাইমসকে দেওয়া জন্মদিনের বিশেষ সাক্ষাতকারে সংগীত ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে বললেন ‘ভারতের নাইটিঙ্গেল’ খ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 04:53 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

২৮ সেপ্টেম্বর ৮৮ তে পা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমার মাধ্যমে সিনেমায় প্লেব্যাক শুরু করেন তিনি। চলতি বছর সংগীত ক্যারিয়ারের ৭৫ বছর পূর্ণ করেছেন এ সংগীতশিল্পী। মিষ্টি কন্ঠ ও মনমুগ্ধকর গায়কী দিয়ে দর্শক মাতিয়ে রাখা এ শিল্পী গানের জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার সহ আরও অনেক নামি-দামি পুরস্কার।

হিন্দুস্তান টাইমস’কে দেওয়া সাক্ষাতকারে লতা মুঙ্গেশকর বলেন, “আমি যেখানে জন্মেছি ও বড় হয়েছি সেখানে ঘটা করে জন্মদিন পালনের চল ছিলো না। জন্মদিনের দিন সকালে মা আরতি শেষ করে মিষ্টি কিছু খেতে দিতেন। এই ছিলৈা জন্মদিনে আয়োজন। বাবার মৃত্যুর পর আমাদের পারিবারিক অবস্থা এতটাই সংকটপূর্ণ হয়ে পড়ে যে জন্মদিন নিয়ে ভাবার সময় পাইনি। এখন অনেকেই আয়োজন করে আমার জন্মদিন পালন করেন কিন্তু আমার কাছে ছোটবেলার সেই স্মৃতিটুকু সবচেয়ে আনন্দের।”

তিনি আরও বলেন, “আমার কাছে জন্মদিনের সেরা উপহার আমার বাবা-মায়ের আর্শিবাদ। মাত্র পাঁচ বছরে আমার বাবা মারা যান। এরপর মা আমাদের সংসারটিকে শক্ত হাতে ধরে রেখেছেন। তার সেই স্নেহ ও ভালোবাসার কথা ভুলতে পারি না। জন্মদিন আসলে তাদের কথাই বেশি মনে পড়ে।”

জন্মদিনের বিশেষ কিছু চাওয়ার আছে কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু জন্মদিন নয়, বরাবরই আমার প্রার্থনা আমি যেন আরও কিছু ভালো গান করতে পারি।” দীর্ঘদিন ধরে সিনেমার প্লেব্যাক থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, “এ মুহূর্তে আমি ভজন ও কীর্তন গানের রেকর্ডিং করছি। এ ধরণের গান আমার পছন্দের। ভালো গানের প্রস্তাব পেলে প্লেব্যাক করতেও আপত্তি নেই।”

সাক্ষাতকারে এ সময়ের অভিনেতা-অভিনেত্রীদের ভেতর আলিয়া ভাটের কাজ ভালো লেগেছে বলে জানান তিনি। বর্তমান ভারতীয় সিনেমায় খোলামেলা পোশাক ও যৌন উত্তেনজার ভরপুর গানগুলো ভালো লাগে না বলে জানালেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘লগন’, ‘রং দে বাসন্তি’, সহ একাধিক সাড়াজাগানো গানের শিল্পী লতা মুঙ্গেশকরের।