২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়ে চলচ্চিত্র পরিবারের মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজপথে নেমেছেন ঢাকাই চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 07:47 PM

Updated : 12 Apr 2022, 12:21 AM

সারাদেশের মানুষের মতো, মিয়ানমারের রোহিঙ্গা নিধনের প্রতিবাদে সরব হয়েছেন দেশের চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টরাও।

প্রথমদিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও ওমর সানীর স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে এ ইস্যুতে কর্মসূচী পালন করার পর এবার সক্রিয় হয়েছে পুরো চলচ্চিত্র পরিবার। সোমবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও তারকা শিল্পী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরাও।

মানববন্ধনে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বলেন, “বাপদাদার ভিটেমাটি থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তারা প্রাণ বাঁচাতে বর্ডার ক্রস করে আমাদের দেশে আসছে। আমাদের দেশের প্রতিটি মানুষ অন্যকে ভালোবাসতে জানে বলেই তাদের আশ্রয় দিচ্ছে। মিয়ানমারের নেত্রী সু চি হচ্ছেন একজন পুতুল। আর পুতুলের হাতে কখনো নোবেল পুরস্কার দিতে নেই। ধিক্কার জানাই এমন নিষ্ঠুর সরকার প্রধানকে।”

নায়ক ফারুক আরো বলেন, “রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই। এটা নিয়ে কোনো রাজনৈতিক নেতাদের রাজনীতিগত কাদা ছোঁড়াছুড়ি না করার আহ্বান জানাচ্ছি।”

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, “মেনে নেওয়া খুবই কষ্টকর এত এত মানুষ অমানবেতর জীবন যাপন করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই দ্রুত। মিয়ানমারের পাষণ্ড সরকারের প্রতি ঘৃণা রইলো।”

মানববন্ধনে উপস্থিত তারকা ও নির্মাতারা সকলেই রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, রিয়াজ, ফেরদৌস, রোজিনা, সাইমন, শান আরাফ, মহাসচিব বদিউল আলম খোকন, বজলুর রশিদ চৌধুরী, মোহাম্মদ হোসেন জেমি প্রমুখ।

মানববন্ধনে তাদের সঙ্গে যোগ দেয় হাজারো সাধারণ মানুষ।