২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিম নিয়ে ভুল মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত সিকিমিজ চলচ্চিত্র ‘পাহুনা: দ্য লিটল ভিজিটরস’। সাক্ষাতকারে এটিকে প্রথম সিকিমিজ সিনেমা বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 07:33 PM

Updated : 12 Apr 2022, 12:19 AM

দীর্ঘদিন ধরেই বলিউড সিনেমায় অনুপস্থিত প্রিয়াঙ্কা। সর্বশেষ হলিউড সিনেমা ‘বেওয়াচ’য়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে তাকে। সামনে মুক্তি পাবে তার আরও দুই হলিউড সিনেমা। বলিউডের রূপালি পর্দায় দেখা না গেলেও গত কয়েক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল ফিল্মস’য়ের ব্যানারে আঞ্চলিক ভাষার সিনেমা প্রযোজনা করে আসছেন এ অভিনেত্রী। সম্প্রতি টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শতিত হয়েছে তার প্রযোজিত সিকিমিজ ছবি ‘পাহুনা: দ্য লিটল ভিজিটরস’। সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত সিকিমিজ পরিচালক পাখি এ তাইরেওয়ালা।

হিন্দুস্তান টাইম জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ‘পাহুনা: দ্য লিটল ভিজিটরস’ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “এটি একটি সিকিমিজ সিনেমা। সিকিম হচ্ছে উত্তর ভারতের প্রকটি রাজ্য। এখানে কোনো ফিল্ম ইন্ড্রাস্ট্রি নেই কারণ প্রায় সব সময়ই এখানে বিদ্রোহী কর্মকান্ড চলতে থাকে। ‘পাহুনা: দ্য লিটল ভিজিটরস’ প্রথম সিকিমিজ সিনেমা।”

প্রিয়াঙ্কার এ সাক্ষাতকার প্রকাশের পরপরই শুরু হয়েয়ে সমালোচনার ঝড়। প্রিয়াঙ্কার এ বক্তব্যকে ‘কান্ডজ্ঞানহীন’ ও ‘রাজনৈতিক জ্ঞানের অভাব’ হিসেবে অভিহিত করে সিকিমের রাজধানী গ্যাংটকের এক বাসিন্দা টুইট করেছেন, “ডিয়ার প্রিয়াঙ্কা, সিকিম খুবই শান্তিপূর্ণ একটি রাজ্য। এখানে কখনই বিদ্রোহী কর্মকান্ড ঘটেনি। এভাবে কান্ডজ্ঞানহীনের মতো মন্তব্য করা থেকে বিরত থাকুন।”

এছাড়াও তৌকির হোসেইন নামের একজন তার টুইট পোস্টে লিখেছেন, “তারকাদের ‘রাজনৈতিক অজ্ঞতা’ নুতন কোনো বিষয় নয়। এর আগেও আমরা এমন অনেক ভারতীয় তারকাদের দেখেছি যারা ভারতের প্রধানমন্ত্রীর নামটাও বলতে পারেননি। কাজেই সিকিম নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্যে অবাক হওয়ার কি আছে!”

সিকিম বিদ্রোহ কবলিত অঞ্চল নয় এবং ‘পাহুনা: দ্য লিটল ভিজিটরস’ প্রথম সিকিজি সিনেমা নয় উল্লেখ করে সিকিমের টুরিজম মন্ত্রনালয় থেকে এক বিবৃতি বলা হয়েছে,“সিকিম নিয়ে ‘ভুল’ তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন প্রিয়াঙ্কা ও তার প্রতিষ্ঠান পার্পল পেবল ফিল্মস।” দেব আনন্দের ‘জুয়েল থিফ’ সহ বেশ কিছু সিকিমিজ সিনেমা রয়েছে বলেও বিবৃতিকে বলা হয়েছে।