২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইট’য়ের রেকর্ডভাঙা শুরু

এতোদিন সাড়াজাগানো হরর ছবি ‘দ্য কনজ্যুরিং’কে বিবেচনা করা হতো সর্বকালের সেরা ভৌতিক সিনেমা হিসেবে। উদ্বোধনী আয়ে ‘কনজ্যুরিং’কে হঠিয়ে শীর্ষস্থান দখন করে নিলো অ্যান্ডি মুশেত্তির ‘ইট’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 10:10 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

ডেডলাইন জানায়, ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘ইট’। প্রথম দিনেই ৫ কোটি ১ লাখ মার্কিন ডলার ঘরে তুলে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। দ্বিতীয় দিনে আরও ২ কোটি ৫ লাখ আয় নিয়ে মোট ৭ কোটি ৬ লাখ ঘরে তুলেছে এ সিনেমাটি।

এর আগে ভৌতিক সিনেমার সেরা আয়ের রেকর্ডটা দখলে ছিলো ‘দ্য কনজ্যুরিং’-এর। জেমস ওয়ান পরিচালিত ২০১৩-এর সাড়াজাগানো হরর সিনেমাটির মুক্তির প্রথম দিনে আয় করেছিলো ৪ কোটি ১ লাখ। আয়ের এ ধারাবাহিকতা ধরে রাখলে প্রথম সপ্তাহে ১০ কোটি ছাড়িয়ে যাবে ‘ইট’য়ের আয়ের অঙ্কটি- এমনটাই অনুমান বক্সঅফিস বিশ্লেষকদের।

স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট’ অলম্বনে ১৯৮৮ সালের পটভূমিতে নির্মিত এ সিনেমায় জর্জি নামের সাত বছর বয়সি এক বালকের গল্প বলা হয়েছে। এক ঝড়-বৃষ্টির রাতে কাগজের নৌকা নিয়ে খেলতে থাকা জর্জির সঙ্গে দেখা হয় মুখোশ পড়া এক সঙের। এরপর থেকেই তার সঙ্গে ঘটতে থাকা নানা অদ্ভূত ঘটনা। এর আগে স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ভৌতিক ছবি ‘ক্যারি’ ও ‘শাইনিং’ও পেয়েছিলো দর্শকপ্রিয়তা।

যুক্তরাষ্ট্রের বাইরেও ভালো ব্যবসা করছে ‘মামা’ পরিচালক অ্যান্ডি মুশেত্তির ‘ইট’। উচ্চ রেটিং ও রিভিউয়ের কারণে এ মুহূর্তে দর্শক আগ্রহের তুঙ্গে  রয়েছে এ ছবিটি। জেইডেন লিবার, বিল স্কার্সগার্ড, সোফিয়া লিলিস প্রমুখ অভিনীত এ সিনেমার ভাগ্যে কী তবে জুটতে চলেছে সর্বকালের সেরা ভৌতিক ছবির তকমা? বলে দেবে সময়ই।