২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জশ গ্যাডের পরিবারকে রক্ষা করলেন ক্রিস্টেন বেল

ঘূর্ণিঝড় ইরমার হাত থেকে অভিনেতা জশ গ্যাডের পরিবারকে বাঁচালেন অভিনেত্রী ক্রিসটেন বেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 09:57 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

২০১৩ সালের সাড়াজাগানো ডিজনি অ্যানিমেশন ‘ফ্রোজেন’য়ের আনা চরিত্রে কন্ঠ দিয়েছেন ক্রিসটেন বেল। একই ছবিতে ওলাফ নামের এক তুষারমানবের চরিতে কন্ঠ দিয়েছিলেন জশ গ্যাড। সেই থেকেই পরস্পরের ভালো বন্ধু তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে গেছে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইরমা। ইমরা চলাকালীন সময়ে বন্ধু ও সহঅভিনেতা জশ গ্যাডের পরিবারেকে তার হোটেলে আশ্রয় দিয়েছেন ক্রিস্টেন। দুঃসময়ের এ সাহায্যের জন্য ক্রিস্টেনকে ধন্যবাদ জানিয়েছেন জশ।

হিন্দুস্তান টাইমস বলছে, ইন্সটাগ্রামে এক পোস্টে ক্রিস্টেনকে ধন্যবাদ জানিয়ে জশ লিখেছেন, “ফ্লোরিডাতে যখন অসহায় হয়ে পড়েছিলেন আমার বাবা, মা, ভাই-ভাবি ও তাদের ছেলে-মেয়েরা, সে সময় ক্রিস্টেন তাদের রক্ষা করেছেন। অরল্যান্ডোতে তার হোটেল রুমে আমার পরিবারকে আশ্রয় দিয়েছে সে। আক্ষরিক অর্থেই তাদের প্রাণে বাঁচিয়েছে ক্রিস্টেন।”

জশ আরও লেখেন, “ক্রিস্টেন, আমার পরিবারকে প্রাণে বাঁচিয়েছো তুমি। তোমাকে ধন্যবাদ। তুমি উপর থেকে নেমে আসা একটা পরী।”

এ সময় ক্রিস্টেন’য়ের সঙ্গে জশের বাবা-মার তোলা একটি সেলফিও পোস্ট করেন তিনি।

এ মুহূর্তে কমেডি ছবি ‘লাইক ফাদার’য়ের শুটিংয়ে ফ্লোরিডায় অবস্থান করছেন ক্রিস্টেন। হারিকেন ইরমার কারণে অনেকটা তড়িঘড়ি করেই শেষ হচ্ছে এ ছবির শুটিং। কারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ‘ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট’ সংলগ্ন পার্কটি বন্ধ করে দেয়া হবে শিগগিরই, যেখানে চলছিলো সিনেমাটির শুটিং।