দেল তোরোর ভেনিস জয়
দশ দিনের জমজমাট সফর শেষে পর্দা নামলো ভেনিস চলচ্চিত্র উৎসবের। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার দ্য গোল্ডেন লায়ন অর্জন করলো মেক্সিকান নির্মাতা গিয়ের্মো দেল তোরোর ‘দ্য শেইপ অফ ওয়াটার’।
জলজ এক জীবের সঙ্গে এক নারীর মমতাময় সম্পর্কের আখ্যান ‘দ্য শেইপ অফ ওয়াটার’। ভেনিস চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হওয়ার পর থেকেই ডার্ক ফেইরিটেইল ঘরানার সিনেমাটি সমালোচক মহলের প্রশংসা পেতে শুরু করে। উৎসবের শেষ দিনে জর্জ ক্লুনির ‘সাবার্বিকন’, আলেকজান্ডার পাইনের ‘ডাউনসাইজিং’-এর মতো শক্ত প্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে এটিই জিতে নিলো সেরার পুরস্কার।
পুরস্কার গ্রহণ করে নিজের প্রতিক্রিয়ায় দেল তোরো বলেন, “একজন মেক্সিকান হিসেবে আমি বলতে চাই, এই প্রথম আমাদের কেউ এই পুরস্কার জিতলো। এই পুরস্কার আমি সব মেক্সিকান এবং লাতিন চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই, যারা অন্যদের সন্দেহ সত্ত্বেও ফ্যান্টাসি কিংবা রূপকথা ঘরানার সিনেমা তৈরি করে সবাইকে ভুল প্রমাণ করবে।”
রয়টার্স বলছে, উৎসবের দ্বিতীয সেরার পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ অর্জন করেছে ইসরায়েলি নির্মাতা স্যামুয়েল মাওজের ‘ফক্সট্রট’। ডিভোর্স ড্রামা ‘কাস্টডি’র জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ফরাসি পরিচালক জাভিয়ের লেগ্রাঁ।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইতালির শার্লট র্যাম্পলিং, ‘হানা’ সিনেমাটির জন্য। ফিলিস্তিনের কামেল এল বাশা জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, ‘দ্য ইনসাল্ট’ সিনেমার জন্য।
বিশ্বের সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবে আলোচিত সিনেমাগুলোই গত কয়েক বছর ধরে অস্কারের মঞ্চেও সফল হয়ে আসছে। গত বছরের ‘লা লা ল্যান্ড’, ২০১৫’র ‘স্পটলাইট’ কিংবা এরও আগে ‘গ্র্যাভিটি’ ও ‘বার্ডম্যান’-এর মতো সিনেমাগুলোই তার প্রমাণ।
