২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবনূরের বাসায় পরিচালকদের আড্ডা

পরিচালকদের সঙ্গে নিজের সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছেন শাবনূর। শুক্রবার রাতে ইস্কাটনের বাসায় পরিচালকদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন তিনি। সঙ্গে নিজের হাতে রান্না করে খাইয়েছেন সবাইকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 06:16 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

যাদের পরিচালনায় কাজ করেছেন, তাদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেছেন শাবনূর। পুরো পরিকল্পনাই ছিল তার। তার ডাকে পরিচালকরাও সাড়াও দিয়েছেন। শুক্রবার রাতে তার বাসায় হাজির হয়েছিলেন আজিজুর রহমান, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, আব্দুল মান্নান, বজলুর রাশেদ চৌধুরী, ওয়াকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, মুশফিকুর রহমান গুলজার, দেবাশীষ বিশ্বাসসহ আরো বেশ ক’জন নির্মাতা।

একসঙ্গে এতো নির্মাতাদের পেয়ে দারুণ খুশি শাবনূর। গ্লিটজকে বললেন, “অনেক মজা হয়েছে। অনেকদিন কারো সঙ্গে দেখা হয় না। তাই ভাবছিলাম একটা কিছু করা দরকার। আমি যাদের সিনেমায় কাজ করেছি মূলত তাদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা এতোটা সাড়া দেবেন ভাবিনি।”

তিনি আরো যোগ করলেন, “আরও কিছু মানুষকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা ছিল। কয়েকজনকে পাইনি ফোনে। আর কয়েকজন দেশের বাইরে থাকায় আসতে পারেননি। সবাই এলে আরও ভালো লাগতো।”

আড্ডার মাঝে নিজের হাতে রান্না করা খাবার নিয়ে হাজির হয়েছিলেন শাবনূর। খাবারের তালিকায় ছিল পোলাও, মাছ আর কয়েক পদের ভর্তা। শাবনূরের সহজ স্বীকারোক্তি, “নতুন রান্না শিখেছি। আগে রান্না পারতাম না বলে খাওয়াতে পারতাম না। কিন্তু এখন যা-ই পারি নিজেই রান্না করি। রান্না কেমন হয়েছে তার চেয়ে বড় কথা নিজে রেঁধে খাওয়াতে পারছি।”

এই মুহূর্তে ‘এতো প্রেম এতো মায়া’ নামে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকেরর একটি চলচ্চিত্রে অভিনয় করছেন শাবনূর। সিনেমায় সংগীত কলেজের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবিটির টাইটেল ট্রাকেও কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম।

অক্টোবরের মধ্যেই ছবিটির দৃশ্যধারণ শেষ হবে।