দেশভাগের বেদনা নিয়ে আসছে ‘খাঁচা’
সেন্সর ছাড়পত্র পেলো আকরাম খান নির্মিত চলচ্চিত্র ‘খাঁচা’। ৩১ আগস্ট চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায় বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক।
১৯৪৭ সালে দেশভাগের দেশভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি । নির্মাতা জানিয়েছেন আসছে ডিসেম্বরেই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি।
সেন্সর প্রাপ্তির খবর জানিয়ে তিনি গ্লিটজকে জানান, “৩১ তারিখ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। মাঝে ঈদ পড়ে যাওয়ায় আমরা বিষয়টি গণমাধ্যমকে জানাইনি। আনকাট সেন্সর পেয়েছে। আরেকটু প্রচার প্রচারণা শেষে আসছে ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছি।”
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমাতে দেখা যাবে, অম্বুজাক্ষের পরিবার তাদের বসত-ভিটা বিক্রি করে দিয়ে ভারতে চলে যেতে চায়। ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলো অম্বুজাক্ষদের বাড়ি কিনতে এসে ফিরে যায়। অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। সরোজিনী নানা প্রতিকূলতার মধ্যেও আগলে রাখে অম্বুজাক্ষের সংসার। দিনবদলের স্বপ্ন তার চোখে।
চলচ্চিত্রটির মাধ্যমে দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছেন নির্মাতা। গল্পের প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “ছবিটা দেশভাগের ওপর। আমার জন্ম ১৯৭৩ এ। সে সময়টাকে বুঝে, সেসময়ের মানুষের আবেগটাকে বুঝে নির্মাণে যেতে হয়েছে। সেসময় যারা ভাবতো ওপারে গেলে তাদের সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওপারে যেতে পারছে না- তাদের বেদনাটা বুঝতেও আমার পড়াশোনা করতে হয়। সবমিলিয়ে এটা অন্যরকম একটা জার্নি ছিলো।”
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, আতাউর রহমান, কায়েস চৌধুরী। অম্বুজাক্ষ এবং সরোজিনীর ছেলে অরুণের চরিত্রে অভিনয় করবে শিশুশিল্পী পিদিম। সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যাবে রাণী সরকারকে। চলচ্চিত্রটিতে ব্যাবহৃত দুটি গানে খালি গলায় কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান।
