শুটিংয়ে শাকিবের কোনো বাধা নেই: ফারুক
চিত্রনায়ক শাকিব খানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বললেন, “সে চলচ্চিত্র পরিবারেরই একজন। তার সঙ্গে সব সমস্যা মিটমাট হয়ে গেছে। শুটিংয়ে শাকিবের আর কোনো বাধা নেই।”
পাকাপাকি ভাবেই শাকিব ও চলচ্চিত্র পরিবারের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হয়েছে। দিন পনের আগেই যেখানে মুখোমুখি অবস্থানে ছিলেন শাকিব-ফারুক। কিন্তু মিটমাটের পরই শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ফারুক।
বললেন, “শাকিব দারুণ অভিনেতা। তার সিনেমাগুলোই এখন দর্শক বেশি পছন্দ করছে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অবদান রাখার অনেক সুযোগ আছে তার।”
নিষেধাজ্ঞা মাথায় নিয়ে অভিনয় থেকে মাঝখানে অনেকটাই দূরে ছিলেন শাকিব। হাইকোর্টের রায়ে ‘আমি নেতা হব’ নামে একটি সিনেমার শুটিং শুরু হলেও নানা কারণে আটকে যায় ছবির শুটিং। দেশের ১৮টি সংগঠনের সদস্যরা শাকিবের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিলে কার্যত ‘এক ঘরে’ হয়ে পড়েন। ফলে শাকিব নির্ভর ইন্ডাস্ট্রিও দিনকে দিন বিবর্ণ হতে থাকে। ভালো সিনেমা নির্মাণের বিপরীতে নানা তর্ক-বিতর্কেই ব্যস্ত ছিল চলচ্চিত্র অঙ্গন।
সেই দিন শেষ। ফারুক বললেন, “আবারো পুরোদমে চলবে সিনেমার কাজ। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবো। শাকিবের সঙ্গে সমঝোতা হওয়ার তার আর শুটিংয়ে কোনো বাধা নেই।”
এর আগে ৩০ অগাস্ট চিত্রনায়ক ফারুকের বাসায় চলচ্চিত্র পরিবারের সঙ্গে সমঝোতা হয় শাকিব খানের। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান প্রমুখ।
যৌথ প্রযোজনার সিনেমা ‘চালবাজ’-এর শুটিংয়ে শাকিব বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি।
