বড় ও ছোট পর্দায় নিষিদ্ধ হলেন ‘ধর্ষকগুরু’ গুরমিত
ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদন্ডের পর এবারে ভারতের ছোট ও বড় পর্দায় কাজের অনুমতিপত্র বাজেয়াপ্ত করা হলো ‘ডেরা সাচ্চা সওদা’ প্রধান গুরমিত রাম রহিম সিং’য়ের।
ভারতের ধর্মীয় সংগঠন ‘ডেরা সাচ্চা সওদা’র প্রধান গুরমিত সিং ওরফে গুরমিত রাম রহিম ইনসানের নামে ২০০২ সালে ধর্ষণের অভিযোগ তোলেন তারই দুই নারী ভক্ত। নিজ আশ্রমে তাদের ধর্ষণ করেছেন এ ভন্ড গুরু- অভিযোগে বলা হয়েছিলো এমনটাই।
২৬ অগাস্ট মামলার রায় প্রকাশের পরপরই পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে সহিংসতা চালায় গুরমিত সিং’য়ের ভক্তরা। তাদের আক্রমণে প্রাণ হারায় ৩২ জন। আহত হয় প্রায় দুই শতাধিক।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ধর্ষণের অভিযোগ প্রমাণের পর গুরু গুরমিত সিং’য়ের মিডিয়ায় কাজের অনুমতিপত্র বাতিল করেছে ভারতের সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ)। এর ফলে নতুন করে আর কোনো সিনেমা, টিভি অনুষ্ঠান কিংবা গানের অ্যালবামে কাজ করতে পারবেন না তিনি।
২০১৫ সালে ‘এমএসজি: দ্য ম্যাসেঞ্জার অফ গড এক ও দুই’ নামের দুটি সিনেমা পরিচালনা করেন গুরমিত। এছাড়াও ‘এমজিএস দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ ও ‘জাত্তু ইঞ্জিনিয়ার’ নামের দুটি সিনেমার চিত্রনাট্য রচনা, পরিচালনা ও অভিনয় করতে দেখা গেছে তাকে।
সংগীতশিল্পী হিসেবেও নিজেকে প্রচার করেছেন ‘ডেরা সাচ্চা সওদা’ প্রধান গুরমিত। ‘চশমা ইয়ার কা’, ‘নেটওয়ার্ক তেরা লাভ কা’ ও ‘ইনসান’ শিরোনামের বেশ কয়েকটি একক সংগীত অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ভক্তদের কাছে এ গানের বেশ চাহিদাও রয়েছে ।
