২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারার দেশ’ নিয়ে কুমার বিশ্বজিতের ঈদ

‘তারার দেশ’, ‘মুর্শিদ’ ও ‘কতো ফাগুন’ নামে তিনটি নতুন গান নিয়ে প্রথম ইপি অ্যালবাম প্রকাশ করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ঈদুল ফিতরে বেরিয়েছিলো ‘তিলোত্তমা’ নামের সেই অ্যালবাম। এবার ঈদুল আযহায় এলো ‘তারার দেশ’ গানটির ভিডিও। এটি প্রকাশ করেছে বাংলা ঢোল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 09:20 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

শহীদুল্লাহ ফরায়জীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিশ্বজিৎ নিজেই। ভিডিওটি তৈরি করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক সুমিত ও সায়রা। ভিডিওতে থাকছেন শিল্পী নিজেও। ৩১ অগাস্ট ‘তারার দেশ’ উন্মুক্ত করা হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ভিডিওটি উপভোগ করা যাচ্ছে বাংলাফ্লিক্স ও রবিস্ক্রিনে।

‘তারার দেশ’ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, “আমি সাধারণত যে ধরনের গান করি, এটি তেমনই। সহজ, সুন্দর ও সাবলীল কথা-সুরের একটি গান। এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে নান্দনিক ভিডিওটি। সময় বদলে গেছে, গান এখন শোনার পাশাপাশি এর সঙ্গে প্রাসঙ্গিক গল্প দেখতেও পছন্দ করেন দর্শক। আশা করছি, এই গানটি ঈদ আনন্দে ভক্তদের সঙ্গী হবে।”

 

‘তারার দেশ’-এর পাশাপাশি ঈদের আগে-পরে আরও গানের ভিডিও প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের। জানালেন, এবার ঈদ উপলক্ষে কোনো টিভি অনুষ্ঠানে যোগ দেননি, কোনো কনসার্টেও গাইছেন না।