একাত্তর টিভিতে নায়করাজের সাক্ষাৎকার
সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই পর্বের সাক্ষাৎকার প্রচার হবে স্যাটেলাইট চ্যানেল একাত্তর টিভিতে। ঈদ উপলক্ষে চ্যানেলটির চারদিনের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে এই সাক্ষাৎকার।
চ্যানেলটির বিশেষ অনুষ্ঠান ‘একাত্তর সকাল’-এ ঈদের পরদিন (৩ সেপ্টেম্বর) এবং তৃতীয় দিন (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিশেষ এই সাক্ষাৎকার প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাজহারুল ইসলাম মাসুম।
সাক্ষাৎকারে রাজ্জাক বলেছেন তার শৈশব, পরিবার, বেড়ে ওঠা, ঢাকায় আসা, সংগ্রাম-সাফল্য সবকিছু নিয়ে। শূন্য থেকে শিখরে উঠে আসার কথা জানা যাবে তাঁর নিজের মুখ থেকেই।
পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের দুর্দশা, ডিজিটাল ছবি নিয়েও বলেছেন নানা কথা।
২১ অগাস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নায়করাজের।
