‘তার সময়ের শ্রেষ্ঠ গায়ক আবদুল জব্বার’
না ফেরার দেশে হারিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোক। গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সৈয়দ হাসান ইমাম স্মরণ করেছেন আবদুল জব্বারের বর্ণাঢ্য কর্মময় জীবন।
তিনি বলেন, “জব্বার যখন কুষ্টিয়া থেকে আসে প্রথম ঢাকায়, তখনই তার গলা সবাইকে আকৃষ্ট করেছিলো। অবশ্য তার উপরে হেমন্ত মুখপাধ্যায়ের কিছু প্রভাব ছিলো। কিন্তু তারপরও তার সময়ে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক।”
ওই সময়ের স্মৃতি মনে করে তিনি আরও বলেন, “চলচ্চিত্রে অনেক গান করেছেন, দেশাত্মবোধক অনেক গান করেছেন। ঊনসত্তরে অসহযোগ আন্দোলনের সময়, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অসম্ভব অবদান রেখেছেন। সরাসরি সংগ্রামে না গেলেও সংগীত দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। দেশের মানুষ তাকে মনে রেখেছেন, অন্তত যারা মাঝবয়সী তারা মনে রেখেছে। নতুন প্রজন্ম হয়তো তাকে পায়নি, কিন্তু আমরা যারা পেয়েছি, তার গান শুনে খুব আনন্দিত হয়েছি।”
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মারা যান।
হাসপাতাল থেকে বেলা সাড়ে ১১টার দিকে আবদুল জব্বারের মরদেহ মোহাম্মদপুরের মারকাজুল ইসলাম মসজিদে নেওয়া হয় গোসলের জন্য। এরপর কফিন নেওয়া হবে ভুতের গলিতে তার বাসায়। রাতে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে।
সংস্কৃতিমন্ত্রী নূর জানান, সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল জব্বারের মরদেহ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে জানাজা।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই শিল্পীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী।
