পারিশ্রমিকে রণবীর,শাহিদকেও টপকে গেলেন দীপিকা
সঞ্জয়লীলা বনসালীর ঐতিহাসিক সিনেমা ‘পদ্মাবতী’র জন্য সহ-অভিনেতা রণবীর সিং ও শাহিদ কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক ঘরে তুলবেন দীপিকা পাড়ুকোন! বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা পারিশ্রমিক বৈষম্যের বিপরীতে এ ঘটনাকে ব্যতিক্রম বলেই মানছেন সবাই।
হলিউড কিংবা বলিউড- সবখানেই পারিশ্রমিকের দিক দিয়ে পুরুষদের চেয়ে পিছিয়ে রয়েছেন নারীরা। দীর্ঘদিন ধরেই পারিশ্রমিক বৈষম্যের বিষয়ে প্রতিবাদ করে আসছিলেন বিশ্বের সকল নারী অভিনয়শিল্পীরা।
ক’দিন আগেই ‘পদ্মাবতী’র জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করে খবরের শিরোনাম হয়েছিলেন ‘বাজিরাও মাস্তানী’ অভিনেত্রী দীপিকা। এবারে ‘পদ্মাবতী’র প্রধান চরিত্রের জন্য ১৩ কোটি রুপি হাঁকিয়ে সহঅভিনেতাদের চেয়ে প্রায় ৩ কোটি রূপি বেশি পারিশ্রমিক ঘরে তুলতে যাচ্ছেন ‘বাজিরাও মাস্তানী’ অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে ‘পদ্মাবতী’র একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, “যেহেতু ‘পদ্মাবতী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দীপিকা তাই তাকে ১৩ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে। অন্যদিকে প্রধান দুই পুরুষ চরিত্রের জন্য শাহিদ কাপুর ও রণবীর সিং দু’জনই পাবেন ১০ কোটি রুপি করে।”
বলিউডের ইতিহাসে প্রধান পুরুষ চরিত্রের চেয়ে প্রধান নারী চরিত্রের বেশি পারিশ্রমিক পাওয়ার ঘটনা খুব বেশি নয়। দীপিকা তেমনই এক ‘বিরল দৃষ্টান্ত’ হয়ে রইলেন।
২০১৬’তে ফোর্বস জরিপে বিশ্বজুড়ে শীর্ষ আয়ের অভিনেত্রীর তালিকায় প্রথম স্থান পান দীপিকা। ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’-এর আয় দিয়েই এ অবস্থানে এসেছিলেন তিনি। চলতি বছর দীপিকাকে হটিয়ে আয়ের শীর্ষস্থান দখল করেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী এমা স্টোন।
নভেম্বরেই মুক্তি পাবে ‘পদ্মাবতী’। এতে চিতোরের রানী পদ্মিণীর ভূমিকায় অভিনয় করবেন দীপিকা। দীপিকার স্বামী রাজা রাওয়াল রতন সিংহের ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুরকে। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।
