২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা অ্যাটাক’-এর নতুন চমক

বাংলা চলচ্চিত্রে পুলিশের ভূমিকা নিয়ে বরাবরই একটি কথা প্রচলিত আছে, খুন হওয়ার পর স্পটে দেখা মেলে পুলিশকে! প্রচলিত ধারণাকে পাল্টে দিতে একদল চৌকস পুলিশের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক।’ যার একঝলক দেখা মিলল দ্বিতীয় টিজারে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:36 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

শনিবার (২৬ অগাস্ট) ছবির দ্বিতীয় টিজার মুক্তির পর থেকেই অন্তর্জালে সাড়া পড়েছে। ধুন্ধুমার অ্যাকশন আর রহস্যে ঘেরা টিজারটি রিলিজের ২৪ ঘণ্টার ব্যবধানে ১ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছে। এর আগে প্রথম টিজার প্রকাশিত ২৬ জুলাই।

নির্মাতা দীপঙ্কর দীপন নির্মিত ছবিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ-মাহিয়া মাহি। শুভ-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।

চলচ্চিত্রটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ছবিটি নির্মাণে সার্বিক তত্বাবধায়নও করছেন তিনি। তার ভাষ্যে, “বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে এটি । সকল শ্রেণির দর্শকের মন জয় করবে বলে আমাদের বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রে আধুনকিতার ছোঁয়া, শতভাগ মৌলিক গল্প, সর্বোচ্চ সংখ্যক তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি, অসম্ভব সুন্দর কিছু গান, বিশাল আয়োজনসহ আরও নানা বিষয় যুক্ত করার মধ্যদিয়ে সিনেমাটি দর্শকদের উপভোগ্য করার সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। আমরা আশা করি সিনেমাটিতে দর্শকদের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।” 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ। মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর।