প্রিয়াঙ্কার প্রশংসায় আশা ভোঁসলে
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে অভিহিত করেছেন ‘অসাধারণ নারী’ হিসেবে।
রোববার এক অনুষ্ঠানে নতুন প্রজন্মের এক ঝাঁক তারকার সঙ্গে দেখা হয় আশা ভোঁসলের। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছবিও তুলতে দেখা গেছে তাকে।
প্রিয়াঙ্কা সম্পর্কে গণমাধ্যমে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “অসাধারণ নারী। আমি প্রিয়াঙ্কাজীর কথা বলছি।”
প্রিয়াঙ্কাও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন আশা ভোঁসলের কাছ থেকে পাওয়া এই প্রশংসা বাণী।
তিনি বলেন, “আশা দিদি, আপনি অতুলনীয়া। অনেক ধন্যবাদ আমার প্রতি আপনার এই দয়ার্দ্র বাণীর জন্য। আপনার আশীর্বাদই আমার জন্য যথেষ্ঠ।”
ছয় দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে চলা আশা ভোঁসলের কণ্ঠে আছে হাজারেরও বেশি জনপ্রিয় গান। বলিউডকে তিনি উপহার দিয়েছেন ‘ঝুমকা গিরা রে’, ‘দম মারো দম’, ‘মেহবুবা মেহবুবা’, ‘দিল চিজ কেয়া হ্যায়’র মতো শ্রোতাপ্রিয় সব গান। অর্জন করেছেন ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকের মতো সম্মাননা।
ওদিকে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি ভারতের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরে মুক্তি পেয়েছে তার প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’।
