শিশুর নগ্ন ছবি প্রকাশ, ঋষি কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ সক্রিয় ভারতীয় অভিনেতা ঋষি কাপুর। এবারে টুইটারে এক শিশুর নগ্ন ছবি প্রকাশের অভিযোগ উঠলো তার বিরুদ্ধে।
‘নসিব’, ‘কুলি’, ‘আনমোল’, ‘প্যাহলা প্যাহলা প্যায়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন আশির দশকের খ্যাতিমান বলিউড তারকা ঋষি কাপুর। ৬৪ বছর বয়সে এসেও থেমে নেই তিনি। এখনও বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এ অভিনেতা।
সম্প্রতি মুম্বাই থানায় ‘অমর আকবর অ্যান্থনি’ অভিনেতা ঋষি কাপুরের নামে একটি অভিযোগ দায়ের করেন আদিল খাতরি নামের একজন উকিল। টুইটারে এক শিশুর আপত্তিকর ও পর্ণগ্রাফিক ছবি প্রকাশ করায় এ অভিযোগ করেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে অভিযোগকারী বলেন, “টুইটারে আপত্তিকর ছবি প্রকাশ করার কারণে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। এর আগেও বেশ কয়েকবার তিনি সাইবার আইন ভঙ্গ করেছেন। তবে এবারের বিষয়টি বেশ গুরুতর।”
তিনি আরও বলেন, “আমি জানি না শিশুটি কে। তবে ছবিতে তাকে প্রায় নগ্ন অবস্থায় দেখা গেছে এবং তার গোপনাঙ্গে শুধুমাত্র একটি হেডফোন রাখা আছে। ছবিটি ‘পর্ণগ্রাফিক’ এবং আপত্তিকর।”
সর্বশেষ ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ সিনেমায় দেখা গেছে ঋষি কাপুরকে। সামনেই ‘১০২ নট আউট’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে।
