২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্মে আমি আর আসব না : বাপ্পারাজ

প্রয়াত নায়করাজ রাজ্জাকের সম্মানে চলচ্চিত্রশিল্পীদের উপর আরোপিত যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্জাকপুত্র ও অভিনেতা বাপ্পারাজ। অন্যথায় ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়বেন বলে জানালেন এই অভিনেতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 05:50 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

চলচ্চিত্র পরিবার আয়োজিত ‘নায়করাজ রাজ্জাকের শোক সভা ও মিলাদ মাহফিল’-এ এসব কথা বলেন তিনি। বাপ্পারাজ বললেন, “আমার বাবা চলে গেছে। তার সম্মানে আজকে থেকে ‘ব্যান’ খেলাটা বন্ধ করে দেই। আমরা আমাদের পরিবারের সদস্যদের বুকে নেয়ার অভ্যাসটা গড়ে তুলি। আমাদের যদি কোনো যুদ্ধ করতে হয় তাহলে পরিবারের বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করবো। নিজেদের মধ্যে নয়। ফিল্মে আমি আর আসবো না, যদি শুনি ব্যানগুলো তুলে নেয়া হয়নি।”

চিত্রনায়ক শাকিব খানের উপর চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার বিষয়টির অবতারণা করে তিনি বললেন, “অনেকেই বলেন, শাকিব খান বেয়াদব। কিন্তু সুচন্দা আন্টি, ফারুক আংকেল কিংবা আলমগীর আংকেল যদি শাকিবকে ফোন করে বলেন, তুমি এফডিসিতে আসো, কথা বলবো। এটার জন্য বাড়িতে উকিল নোটিস পাঠানোর জন্য দরকার পড়ে না। পুলিশ পাঠানোর দরকার হয় না।”

চলচ্চিত্রশিল্পে চলা দ্বন্দ্ব নিরসনে নিজেও চেষ্টা করছেন বলে জানালেন বাপ্পারাজ।

বললেন, “আব্বার দাফনের পর শাকিব আর জায়েদকে বলেছি, কোলাকুলি করো। তারা কোলাকুলিও করেছে। কিন্তু পরে একজন আবার বলল, শিল্পী সমিতি নাকি আরো দশ বারোজনকে ব্যান করে দিয়েছে।”

অথচ নায়করাজের সময়ে ইন্ডাস্ট্রিতে এমন দ্বন্দ্ব ছিল না বলে জানালেন বাপ্পারাজ।

বললেন, “আব্বার সময়ে আলমগীর সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন। সবাই সবার জায়গায় সুপারস্টার। কিন্তু ইন্ডাস্ট্রিটাকে একসঙ্গে এগিয়ে নিয়ে গেছেন। সিনিয়ররা কখনো দ্বন্দ্বে জড়ায়নি। কাজ শেষে সন্ধ্যার পর সবাই আমাদের বাসায় চলে যেতেন। একসঙ্গে আড্ডা দিতেন। সকালে উঠে আবার নিজ নিজ কাজে যেতেন। কিন্তু এখন একসঙ্গে পাঁচজন আমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারি না।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “আমিও উল্টাপাল্টা কথা বলেছি। আমাকেও মাফ করে দেন। কালকে অবধি যা হয়েছে সব ভুলে যান।”

বাপ্পারাজের বক্তব্যের প্রতিক্রিয়ায় মিশা সওদাগর দশজনকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যকে বহিস্কারের খবরটি অস্বীকার করে বলেছেন, “একজন কমিটির সদস্যকে আমরা বহিস্কার করব সাময়িক ভাবে।”

চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক ফারুক বাপ্পারাজের উদ্দেশ্যে বলেছেন, “এফডিসির প্রতিটি ইট আর ধুলিকণায় তোমার বাবার স্মৃতি জমে আছে। এই এফডিসি তুমি ছাড়তে পারো না।”

তবে তিনি তার বক্তব্যে আদৌ শিল্পীদের উপর থেকে ‘নিষেধাজ্ঞা’ তুলে নেবেন কিনা তা উল্লেখ করেননি।

অভিনেতা আলমগীর বাপ্পারাজের বক্তব্যের জেরে বলেছেন, “চলচ্চিত্র পরিবার এক থাকবে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, দ্বন্দ্বও হতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি এই দ্বন্দ্ব যতো দ্রুত সম্ভব আমরা মিটমাট করবো।”

শোকসভায় আরো বক্তব্য রাখেন অভিনেত্রী সুজাতা, সুচন্দা, চম্পা, রোজিনা, চিত্রনায়ক সম্রাটসহ অনেকেই।