‘জলের আয়না’র মোড়ক উন্মোচন
চতুর্থ অ্যালবাম ‘জলের আয়না’ নিয়ে হাজির হলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ মহসীন। বৃহস্পতিবার (২৪ অগাস্ট) বিকেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
শেখ মহসীন নিজেই অ্যালবামের সব গানের সুর করেছেন। সংগীত পরিচালনা করেছেন সূচি শামস। গানগুলো লিখেছেন-শহীদুল্লাহ ফরায়জী, অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, ফয়সাল রাব্বিকিন, সাঈদ রহমান এবং এন আই বুলবুল।
শেখ মহসীন বলেন, “এই সময়ের খ্যাতিমান গীতিকারদের কথায় অ্যালবামটি সাজিয়েছি। বরাবরই প্রতিটি গানের কথা ও সুরে নতুনত্ব রাখার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গানগুলো শুনে নিরাশ হবেন না।”
প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে প্রকাশিত অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন গীতিকবি হাসান মতিউর রহমান, শহীদুল্লাহ ফরায়েজী, সংগীতশিল্পী হাসান চৌধুরী, জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া।
গীতিকার হাসান মতিউর রহমান বলেন, “শেখ মহসীন একজন প্রতিভাবান শিল্পী। এর আগেও সে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সেই ধারাবাহিকতায় মহসীনের নতুন প্রয়াস ‘জলের আয়না’ আমাদের শ্রোতাদের চমৎকার বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।”
গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী বলেন, “শ্রোতাদের চাহিদা বোঝার সামর্থ তার রয়েছে। নতুন অ্যালবামের গানগুলোও বেশ ভালো হয়েছে বলে আমার মনে হয়। আশাকরি, শ্রোতারা নিরাশ হবেন না।”
জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া বলেন, “জলের আয়না’ শেখ মহসীনের চতুর্থ একক অ্যালবাম। একজন শিল্পী একটি কাজ থেকে আরেকটির অনুপ্রেরণা পায়। শেখ মহসীনও সেভাবে বীরদর্পে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন অ্যালবামের গানগুলো বেশ যত্ন করে করা হয়েছে।”
গতবছর মহসীনের তৃতীয় একক ‘ময়না’ প্রকাশিত হয়। এর আগে প্রকাশ পায় ‘পাহাড় সমান দুঃখ আমার’ এবং ‘একলা ভালোবাসি’।
