২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানোরমা’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য চালু হচ্ছে আলাদা বিভাগ। নতুন বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে নির্মাতাদের আহ্বান জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 06:23 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে যোগ হচ্ছে ‘বাংলাদেশ প্যানোরমা’ নামে নতুন বিভাগ। এই বিভাগে বাংলাদেশের নির্মাতাদের নির্মিত বাছাইকৃত দশটি চলচ্চিত্র প্রতিযোগিতার সুযোগ পাবে। চলচ্চিত্রগুলোর দৈর্ঘ্য হবে সর্বনিম্ন সত্তর (৭০) মিনিট। 

আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন- ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরমা বিভাগের সমালোচক পুরস্কার দেবেন।  ফিপ্রেসি’র জুরি বোর্ড নির্বাচিত চলচ্চিত্রগুলো থেকে ‘বেস্ট ফিল্ম’ ও ‘বেস্ট ডিরেক্টর’এর দুটি পুরস্কার প্রদান করবেন।

এ প্রসঙ্গে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রচার ও গণমাধ্যম সমন্বয়ক রুহুল রবিন খান বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার-প্রসার ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে উৎসব কমিটি নতুন এই বিভাগ সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

তিনি জানান, ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমায় চলচ্চিত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। ডিভিডি বা ওয়ানলাইন লিংকের মাধ্যমে চলচ্চিত্র জমা দেয়া যাবে। জমা দেওয়া চলচ্চিত্রের অবশ্যই সেন্সর সার্টিফিকেট থাকতে হবে।

আসছে ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।