ফেইসবুকে পূর্ণিমা একটাই
ফেইসবুকে নিজের অফিসিয়াল পেইজ খুললেন পূর্ণিমা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা উল্লেখ করার মতো। তবে, এতোদিন তার নামে অসংখ্য পেইজ ও আইডি থাকলেও এবারই প্রথম এ নিয়ে মুখ খুললেন পূর্ণিমা।
বুধবার গ্লিটজকে তিনি বলেন, “আমার নামে ফেইসবুকে পনেরো ষোলটি পেইজ রয়েছে। তার একটিও আমার অফিসিয়াল নয়। তবে, এবার আমি আমার একটি পেইজ খুলেছি। বাকি পেইজগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সবাইকে অনুরোধ করবো এই পেইজটিকেই সমর্থন করতে। এখানে নিয়মিত আমার সম্পর্কে আমার ভক্ত ও প্রিয়জনরা জানতে পারবেন।”
বড়পর্দায় এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূর্ণিমা অভিনীত ‘টু বি কন্টিনিউড’। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত চলচ্চিত্রটিতে পূর্নিমাকে দেখা যাবে তাহসানের বিপরীতে। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে চলচ্চিত্রটি।
তবে, চলচ্চিত্রের পূর্ণিমা হিসেবে দীর্ঘদিন পর ছবি মুক্তির উচ্ছ্বাস খুব একটা নেই এখনকার পূর্ণিমার। “পূর্ণিমা হিসেবে আমার এখানে কাজের সুযোগ কম ছিলো”-অভিমত তার।
এদিকে আসছে ঈদে সাতটি নাটক করছেন তিনি। এর মধ্যে তিনটি নাটকেরই চিত্রায়ন সম্পন্ন হয়েছে। পূর্ণিমা জানালেন, নাটকগুলোতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে সজল, নাঈম ও ইমন-নীরবকে।
