চলে গেলেন গ্লেন ক্যাম্পবেল
দীর্ঘদিন ধরেই দূরারোগ্য ব্যাধি আলঝেইমারে ভুগছিলেন মার্নি সংগীত তারকা ও ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপক গ্লেন ক্যাম্পবেল। ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন এ তারকা।
‘রাইনস্টোন কাউবয়’, ‘জেন্টল অন মাই মাইন্ড’, ‘বাই দ্য টাইম আই গেট টু ফোনিক্স’ সহ অগণিত সাড়াজাগানো গানের স্রষ্টা গ্লেন ক্যাম্পবেল ছোট ও বড়পর্দাতেও ছিলেন সমান জনপ্রিয়। সিবিএস চ্যানেলের ‘দ্য গ্লেন ক্যাম্পবেল গুডটাইম আওয়ার’এর উপস্থাপক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন ‘দ্য এফবিআই’, ‘ট্রু গ্রিট’ ও ‘প্লেয়ার্স’সহ একাধিক হলিউড সিনেমায়।
রয়টার্স জানায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তারকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা। ফেইসবুক পোস্টে ক্যাম্পবেল’এর স্ত্রী, সন্তান ও নাতিসন্তানদের দেওয়া এ যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় গ্লেন ক্যাম্পবেল আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন।”
১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এ তারকা। গিটারিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সংগীত রচয়িতা ও গায়ক হিসেবে জনপ্রিয়তা পান তিনি। প্রথমজীবনে স্টুডিওকর্মী হিসেবে কাজ শুরু করেন ক্যাম্পবেল। বণার্ঢ্য সংগীত জীবনে এলভিস প্রিসলি, ডিন মার্টিন ও ফ্রাঙ্ক সিনাত্রা সহ খ্যাতিমান সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।
২০১১ সালে প্রথম আলঝেইমার রোগ শনাক্ত হয় ক্যাম্পবেলের। এ বছরই বের হয় তার সর্বশেষ একক অ্যালবাম ‘ঘোস্ট অন দ্য ক্যানভাস’। মৃত্যুকালে স্ত্রী কিমবার্লি উলেন ও আট সন্তান রেখে গেছেন তিনি।
