জন্মদিনে খুঁজেই পাওয়া যাবে না অমিতাভকে?
আসছে ১১ অক্টোবর ৭৫ বছরে পা রাখবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। জন্মদিনকে ঘিরে নেই কোনো বাড়তি আয়োজন। শহর থেকে দূরে নির্জন কোনো স্থানেই জন্মদিন কাটাতে চান তিনি।
৭৫ জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবেই পালন করবেন বিগ বি -এমনটাই ভাবছিলেন সবাই। ভক্তদের হতাশ করে জন্মদিনের সাদামাটা একটি পরিকল্পনার কথা জানালেন ‘সরকার-থ্রি’ অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এক ব্লগ পোস্টে তার ৭৫তম জন্মদিনের পরিকল্পনার কথা জানিয়েছেন অমিতাভ। পোস্টে তিনি লেখেন, “অনেকেই আমার জন্মদিন নিয়ে নানা রকম পরিকল্পনা আঁটছেন। আমাকে চমকে দেওয়ার জন্য অভিনব কিছু করার কথাও হয়ত ভাবছেন অনেকে। তাদের জন্য বলছি, ওই দিন আমাকে খুঁজেই পাবেন না তারা!”
তিনি আরও লেখেন, “পরিবার-পরিজন ও ভক্ত-শুভাকাঙ্খী সবার কাছ থেকেই ওইদিন ছুটি নেব আমি। শহর ছেড়ে নির্জন কোনো স্থানে একান্তই ব্যক্তিগত কিছু সময় কাটাবো। কোথায় যাব, কী করবো কিছুই এখনো ঠিক করিনি। তবে আমি ছাড়া আর কেউই জানবে না সেটা কোথায়!”
অমিতাভের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেকেই! তবে বরাবরই জন্মদিনটি নিভৃতেই কাটাতে পছন্দ করেন অমিতাভ। এ মুহূর্তে আমির খানের সঙ্গে ‘ঠগস অব হিন্দোস্তান’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা। সামনেই ঋষি কাপুরের সঙ্গে ‘১০২ নট আউট’ সিনেমায় দেখা যাবে এই ‘পিঙ্ক’ তারকাকে।
শিগগিরই ছোটপর্দার সাড়াজাগানো রিয়েলিটি অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন-৯ উপস্থাপনা করতে দেখা যাবে এ তারকাকে। ভিডিও কলিং জ্যাকপট প্রশ্ন ও একজন নির্বাচিত সঙ্গীর সরাসরি সাহায্য সহ বেশ কিছু নতুনত্ব থাকছে এবারের সিজনে।
