পাঠ্যবইয়ে স্থান পেলো দীপিকা’কে লেখা চিঠি
ভারতের গুজরাট বোর্ড সিলেবাসের দ্বাদশ বর্ষের পাঠ্যপুস্তকে ‘লেটার ফ্রম আ ফাদার’ শিরোনামে প্রকাশিত হয়েছে এ চিঠি । চিঠিতে দুই মেয়ে দীপিকা ও আনিশাকে নিয়ে সাবেক ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের লেখা মর্মস্পর্শী ও শিক্ষনীয় কিছু মন্তব্য হৃদয় ছুঁয়েছে সকলের।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি টুইটারে স্কুলের পাঠ্যবইয়ের কিছু অংশ প্রকাশ করেন এক ব্যক্তি। তাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে লেখা তার বাবা প্রকাশ পাড়ুকোনের একটি চিঠি। দীপিকা ও তার ছোট বোন আনিশাক নিয়ে লেখা চিঠিটি ক’দিন আগেই একটি পুরস্কার আসরে পড়ে শুনয়েছিলেন তিনি।
চিঠিতে দীপিকাকে নিয়ে তার বাবা লিখেছেন, “তোমার বয়স যখন মাত্র নয় কি দশ, তখনই তুমি মডেল ও অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিলে। সে সময় এটা শুনে আমরা খুব একটা খুশি হতে পারিনি। কারণ রূপালি জগত নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য আমরা সব সময়ই শুনে থাকি। তবুও সে সময় তোমাকে আমরা কিছু বলিনি।”
তিনি আরও লিখেন, “তোমার বয়স যখন ১৮, তখন তুমি ক্যারিয়ার গোছাতে মুম্বাই চলে গেলে। আমরা চাইলে তোমাকে বারণ করতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। তোমার ইচ্ছা ও তোমার ভালোবাসার জায়গায় তোমাকে যেতে দিয়েছি। কারণ আমরা সব সময় চেয়েছি তুমি পেশা হিসেবে এমন কিছুকে গ্রহণ করো যাতে তুমি খুশি থাকো। অর্থ কিংবা যশ-খ্যাতির লোভে নয়, ভালোবেসে তুমি তোমার অভিনয় জীবনকে উপভোগ করো এটাই আমরা চেয়েছি।”
দীপিকার ছোট বোন আনিশা পাড়ুকোনকেও গল্ফ খেলোয়াড় হওয়ার পথে কোনো বাধা দেননি বলে জানান প্রকাশ পাড়ুকোন। এমনকি বাইরে বড় তারকা হলেও বাড়িতে খুবই সাদাসিধা জীবন কাটান দীপিকা- এমনটাই লিখেছেন তার বাবা।
তার মতে, “বাড়িতে অতিথি আসলে আর দশটা মেয়ের মতো নিজের ঘর ছেড়ে ড্রয়িং রুমের মাটিতে ঘুমাও তোমরা দু’জন। এভাবেই তোমাদের গড়ে তুলতে চেয়েছি সব সময়। তোমাদের দু’জনকে নিয়ে আমি অসম্ভব গর্বিত।”
সর্বশেষ হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য জ্যান্ডার কেইজ’এ ভিন ডিসেলের বিপরীতে বাজিমাৎ করেছেন দীপিকা। এ মুহূর্তে সঞ্জয় লীলা বনসালির ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
