এই প্রথম সিনেমায় গাইছেন শাবনূর
দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে গেছেন সেই নব্বইয়ের দশক থেকে। এবার আসছেন নতুন পরিচয়ে। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।
ঘরোয়া আসরে মাঝে-মধ্যে গাইলেও শ্রোতাদের জন্য এবারই প্রথম কোনো গান নিয়ে আসছেন শাবনূর। আর সেই ঘরোয়া আয়োজন থেকে তাকে অনেকটা জোরাজুরি করেই বড়পর্দায় হাজির করাচ্ছেন ছবির পরিচালক।
মোস্তাফিজুর রহমান মানিক গ্লিটজকে বললেন, “শাবনূরকে আমরা গুনগুনিয়ে গান গাইতে দেখেছি অনেকবার। ভালো গায়। এবার ভাবলাম সিনেমায় তাকে দিয়ে গাওয়াবো।”
তিনি বললেন, “এতো প্রেম এতো মায়া’ শিরোনামে গানটির দুটি ভার্সন থাকবে। স্যাড ভার্সনটি গাইবেন শাবনূর। ছবির সংগীত পরিচালক কলকাতা থেকে দেশে ফিরলেই শুরু হবে রেকর্ডিং।”
শাবনূর গানটি নিয়ে খানিকটা অপ্রস্তুত। গ্লিটজকে বললেন, “আমি তো গানের শিল্পী না। ওরাই খুব করে ধরেছে গানটা করার জন্য। দেখা যাক কী করা যায়।”
গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনা করছেন কলকাতার প্রীতম।
ঈদের পর ছবিটির শুটিংয়ের শিডিউল দিয়েছেন শাবনূর। টাঙ্গাইলে শুরু হবে শুটিং। গতবছর ছবিটির শুটিং শুরু হয়েছিল। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী সাইমন সাদিক ও পিয়া বিপাশার দৃশ্যায়ন প্রায় শেষ। শাবনূর দেশের বাইরে থাকায় শুটিং করতে পারেননি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।
