২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ও আমার বন্ধু গো..

বন্ধু দিবসে প্রিয়বন্ধুদের নিয়ে নানা কথা জানিয়েছেন তারা। গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় বন্ধুকে নিয়ে জমানো আবেগ-অনুভূতি শেয়ার করলেন সঙ্গে। উঠে এলো আড্ডা, খুনসুটি কিংবা ভালোলাগা-মন্দলাগার গল্প।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 09:07 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

বিদেশে বন্ধুত্বটা জমে গেল..

দুই কিংবা তিন জন না। একটা গ্রুপকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের বন্ধুত্ব। প্রত্যেকেই মিডিয়ার বাসিন্দা হলেও একেক জন একেক পাড়ার। কেউ নাটকের, কেউ সিনেমার, কেউ উপস্থাপক। ওরা সাতজন, জান্নাতুল ফেরদৌস পিয়া, মাসুমা রহমান নাবিলা, আশনা হাবিব ভাবনা, মৌনিতা খান ঈশানা, সাফা কবির, অমৃতা খান ও অর্চিতা স্পর্শিয়া।

শোবিজে কাজের সুবাদে একজনের সঙ্গে আরেকজনের আগে থেকেই পরিচয় ছিল। কথাও হতো টুকটাক। বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে পারফর্মও করেছেন। কিন্তু সেভাবে সখ্য গড়ে ওঠেনি। তাঁদের বন্ধুত্বের সূত্রপাত বিদেশে গিয়ে। বছরখানেক আগে নাগরিক টেলিভিশনের একটি ডান্স রিয়ালিটি শো-র শুটিংয়ে ভারতে গিয়েছিলেন সবাই।

প্রোগ্রামের উপস্থাপিকা নাবিলা, বাকি ছয়জন পারফরমার। বিদেশ বিভুঁইয়ে পাক্কা একটা মাস ছিলেন একসঙ্গে। একসঙ্গে থাকা, খাওয়া, ঘুরতে গিয়ে মনের অজান্তেই একে অন্যের বন্ধু হয়ে উঠলেন। আবিষ্কার করলেন, সাতটা মানুষ একটা ছায়ার নিচে দাঁড়িয়েছেন। ছায়ার মতো একে অন্যের পাশে আছেন। দেশে ফিরলেও একটু কমতি পড়েনি বন্ধুত্বে। মাঝে মধ্যেই সময় বের করে দেখা করেন না তারা।

ভাবনা বললেন, “অনেকে বলে মিডিয়াতে বন্ধুত্ব হয় না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মধ্যে খুবই হেলদি রিলেশনশিপ। একটা রিলেশন করতে অনেক সময় লাগে। এটা আমরা মেইনটেইন করার চেষ্টা করি।”

ঈশানা বললেন, “কয়েক দিন একসঙ্গে থেকে সবার মধ্যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে। কিছু একটা করতে গেলেই ওদের কথা মনে পড়ে। হাজার ব্যস্ততা থাকলেও চেষ্টা করি দেখা করার। ওদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।”

সাতজনের এই বন্ডিংয়ের নেপথ্য কারণ কী? পিয়া বললেন, “আমরা সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত। ভাবনা, স্পর্শিয়া, অমৃতা ফিল্ম করছে। বাকিরাও মডেলিং-নাটকে প্রতিষ্ঠিত। আমরা একে অন্যের ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করি। এটা কখনোই ভাবি না, ও তো খুব বড় হয়ে গেল।”

বয়সের ব্যবধান পাঁচ

হাসিন রওশন-মেহজাবিন চৌধুরী

তিন বছর আগে চ্যানেল আইয়ের বর্ষপূতি অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা। কথাবার্তা তেমন হয়নি। এর কয়েক দিন পরই টানা তিন দিন স্যামসাংয়ের ফটোশুট করলেন দুজন। দুজনই খুব কো-অপারেটিভ। একজন আরেকজনের কস্টিউম পরে শুট করেছেন। তবে তখনো বন্ধুত্বটা জমে ওঠেনি। দুজনের গলায় গলায় ভাব হলো বছর দেড়েক পরে। এখন কোনো প্রোগ্রাম কিংবা সামাজিক অনুষ্ঠানে একজনকে দাওয়াত দিলেই চলে। দুজনই হাজির হন। দুজনের মধ্যে মিলও অনেক। দুজনই মেষ রাশির। জন্মও একই মাসে, এপ্রিলে। একজনের ৭ আরেকজনের ১৯।

আপনার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা কী? “ভালো কিংবা খারাপ সব সময় বন্ধুর পাশে থাকা। মা-বাবা ও ভাইবোনের মতো কখনোই একজন আরেকজনকে ছেড়ে যাবে না”-বললেন হাসিন।

তবে বন্ধুত্বকে কোনো সংজ্ঞায় বেঁধে ফেলতে নারাজ মেহজাবিন, “বন্ধুত্বের আসলে সংজ্ঞা হয় না। যখন বন্ধুত্ব একটা সংজ্ঞার মধ্যে আবদ্ধ হবে, তখন আর বন্ধুত্ব অবশিষ্ট থাকে না।”

মেহজাবিনের চেয়ে হাসিন কমসে কম পাঁচ বছরের বড়। কিন্তু কখনোই নিজেকে বড় মনে হয় না তাঁর। বললেন, “ও অনেক ম্যাচিউরড। ওর বয়স কম, সেটা আমাকে কখনো বুঝতেও দেয়নি।”

মেহজাবিনের অনেক গুণ আছে। তবে একটি গুণ হাসিন আলাদাভাবে মূল্যায়ন করেন। তা হলো ‘নিরহংকারী’। আর হাসিনের কোন গুণটা ভালো লাগে? “ও যেমন ভালো কাজ করে, তেমনি পরিপাটি করে সংসারটাকেও মেইনটেইন করতে পারে। সবাই এটা পারে না”-বললেন মেহজাবিন। 

শুরুটা সাদামাটা, এখন রঙিন

বেনজির ইসরাত-শবনম ফারিয়া

দুজনের বন্ধুত্বের শুরুটা ভীষণ সাদামাটা। “একটা শুটে ওর সঙ্গে প্রথম দেখা। দেখলাম মেয়েটা খুব বকবক করে। তারপর আমরা ফেসবুকে বন্ধু হলাম। ধীরে ধীরে আমাদের ব্যক্তিগত জীবনেও বন্ধুত্বটা জমে উঠল”-বললেন বেনজির।

একটু ফুরসত পেলেই বেরিয়ে পড়েন শপিংয়ে, বিশেষ করে ফারিয়ার শপিংম্যানিয়াটা একটু বেশিই-“আমি অনেক বেশি শপিং করি। ও বলে তোর সঙ্গে বেরুলেই শপিং করা লাগে! প্রায়ই ম্যাচিং করে ড্রেস কিনি। অনেক নাটকে শাড়ি বা অন্য কোনো ড্রেস লাগলে ওর কাছ থেকে আনি।”

শপিংয়ের ফাঁকে মজার মজার কথা বলে মাতিয়ে রাখতে পছন্দ করেন ফারিয়া। বেনজির মুগ্ধ হয়ে শোনেন। মুগ্ধ হওয়ার মতো ফারিয়ার আরো অনেক গুণই আছে।

কী সেটা? “ওর হাসিটা খুব ভালো লাগে। মাঝেমধ্যে আমি জেলাস ফিল করি। ওর সঙ্গে যতক্ষণ থাকি হাসতেই থাকি”-বললেন বেনজির।

দুজনের যোগাযোগটা ফেইসবুকেই বেশি হয়। ফোনে কথা কমই হয়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে আলাপ। মাঝেমধ্যে দেখা হয়। গসিপ পছন্দ করেন দুজনই।

বেনজির হেসে বলেন, “ফারিয়া ভালো গসিপ করতে পারে। আমি ভালো পারি না!”

দুজনেরই যদি একটা ছেলেকে পছন্দ হয়? এবার ফারিয়া বললেন, “তাহলে তো ভালোই হবে। সারা দিন একসঙ্গে থাকব! ওর সঙ্গে আমার আগে থেকেই কথা ছিল, ওর জামাই আমার জামাই, আমার জামাই ওর ভাই! তাই আমি টেনশন মুক্ত। কিন্তু ওর কপালে টেনশন আছে!”

ব্যাপারটি কি সত্যি? মাথা নেড়ে ঘটনার সত্যতা স্বীকার করেন বেনজির। তবে এও জানালেন, “ওর যে ধরনের ছেলে পছন্দ হয় আমার তাদের ভালো লাগে না। দুজনের এক জামাই হওয়ার চান্স নাই।”

আড়াই বছরের গল্প

জোভান ও নাদিয়া খানম

পরিচয়টা খুব বেশি দিনের নয়, বড়জোর আড়াই বছর। প্রথম দেখা এক নির্মাতার অফিসে। আর দ্বিতীয়বার ‘উজান গাঙয়ের নাইয়া’ ধারাবাহিকের অডিশনে। অডিশনের আগে-পিছে টুকটাক আলাপ—‘কী অবস্থা?’ ‘কেমন আছো?’

শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’ গানের ভিডিওর শুটিং করতে গিয়ে একে অন্যকে ভালো করে জানলেন।

আলোচিত এ গানের ভিডিওতে তাঁদের পর্দা রসায়ন একেবারে জমে ক্ষীর! ‘জুটি’ হিসেবেও আলাদাভাবে নজর কেড়েছেন দর্শকের। ততোদিনে একে অপরের ভালো বন্ধু হয়েছেন তারা।

দুজনের কিছু কমন বন্ধু নিয়ে একটি সিক্রেট গ্রুপ আছে ফেইসবুকে। সেখানেও চলে আড্ডাবাজি। “আড্ডায় আমি, জোভান, তামিম মৃধাসহ অনেকেই থাকে। তখন কে কী বলছি কারো কোনো হুঁশ থাকে না”, বললেন নাদিয়া।

আড্ডা, শুটিংয়ের বাইরের জোভান নাকি একেবারেই আলাদা। নাদিয়ার ভাষ্য মতে, “যার সঙ্গে যেভাবে কথা বলতে হয় ও তার সঙ্গে সেভাবেই কথা বলে, অহংকার নেই। আমার কথা শোনে। খুব কেয়ারিং।” সঙ্গে আরো বললেন, “ও নিয়মিত নামাজ পড়ে। এটি এখনকার ছেলেমেয়েদের মধ্যে খুব কম দেখা যায়। অভিনয়ে অনেক ডেডিকেটেড। ও ভালো একজন অভিনেতা। আমি তো ওর ফ্যান। ও জানেও সেটা।”

আর জোভানের চোখে নাদিয়ার ভালো দিক? “খুব কেয়ারিং এবং লক্ষ্মী একটা মেয়ে। কাজকে ভালোবাসে। ফ্যামিলিকে সাপোর্ট করে। যা-ই করে কনফিডেন্টলি করে।”

তাহলে বন্ধু হিসেবে নাদিয়া দশে কত পাচ্ছেন? “দশে ৯। আর মানুষ হিসেবে দশে দশ।” জোভানকে কত দেবেন নাদিয়া? “বন্ধু হিসেবে দশে দশ। এর চেয়ে বেশি দেওয়া গেলেও দিতাম। মানুষ হিসেবে দশে দশ।”

এই বন্ধুত্বটা সারা জীবনই রাখতে চান। “এ সময়ে বিনা স্বার্থে বন্ধু পাওয়া কঠিন। স্বার্থ ছাড়া এখন কেউ কারো সঙ্গে মেশে না। এমন নিঃস্বার্থ বন্ধুত্ব কেউ হারাতে চাইবে না”, বললেন নাদিয়া।