২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় রবীন্দ্র স্মরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা, গান কবিতায় স্মরণ করা হলো কবির সৃষ্টি ও দর্শন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 09:05 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবস। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে  আয়োজিত হয় ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সংগীতানুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে এ অনুষ্ঠানের মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. হায়াৎ মামুদ।

আলোচনা অনুষ্ঠান শেষে সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, সরকারি সংগীত মহাবিদ্যালয়। এছাড়াও সমবেত সংগীত পরিবেশন করে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

এরপর সংগীতশিল্পী অনিমা রায়ের কণ্ঠে পরিবেশিত হয় ‘ছি ছি চোখের জলে ভেজাসনে আর মাটি’ ও  ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান’। শিল্পী কমলিকা চক্রবর্তীর কণ্ঠে ‘তোমার অসীমে প্রাণ মন লয়ে’ ও ‘আমার সকল দুঃখের প্রদীপ’ মুগ্ধ করে উপস্থিত শ্রোতাদের। বাইশে শ্রাবণ স্মরণে নুসরাত বিনতে নূর পরিবেশন করেন ‘শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে’, শিল্পী সাজেদ আকবর পরিবেশন করেন ‘সঘন গহন রাত্রি’। এছাড়াও গান পরিবেশন করেন এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মামুন জাহিদ খান, জলি রহমান ও সালমা আকবর।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদা আক্তার ও কৃষ্টি হেফাজ।