বলিউডের সেরা সাত বন্ধু জুটি
এক সময় বলিউড তারকাদের মধ্যে রেষারেষি ও কাদা ছোঁড়াছুড়ি হতো খবরের শিরোনাম। তারকাদের বন্ধুত্বের চেয়ে শত্রুতা নিয়েই খবর হতো বেশি। সময় বদলেছে। সেই সঙ্গে বদলেছে বলিউড পাড়ার চিত্রটিও। এখন অনেক স্বনামধন্য তারকারাই একে অন্যের ভালো বন্ধু। বিশ্ব বন্ধুদিবসে চলুন জেনে নিই বলিউড সেরা তেমনই সাত বন্ধুত্বের গল্প।
দুজনের মধ্যে বয়সের পাথর্ক্য বিস্তর। তবুও তারা ভালো বন্ধু। বলিউডে আমির খানকে কিছুটা অন্তর্মুখী স্বভাবের বলেই জানেন সবাই। তাই বন্ধুত্বের বিষয়েও খুব একটা মুখ খুলতে দেখা যায়নি ‘দঙ্গল’ তারকাকে। তবে তারকালাপ অনুষ্ঠান ‘কফি উইথ করণ’এ জ্যাকি শ্রফের সঙ্গে বন্ধুত্বের কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। একসঙ্গে বসে মদ্যপান করা থেকে শুরু করে একে অপরকে সিনেমার বিষয়ে পরামর্শও দিয়ে থাকেন তারা। সামনেই ‘ঠগস অব হিন্দোস্তা’য় একসঙ্গে দেখা যাবে তাদের।
পর্দায় কখনো একসঙ্গে দেখা না গেলেও বাস্তব জীবনে দুজন দুজনের ভালো বন্ধু তারা। বচ্চনবধূ ঐশ্বরিয়াকে একজন ভালো মা ও অসাধারণ অভিনেত্রী বলে মন্তব্য করেন প্রীতি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ আবেদনময়ী ঐশ্বরিয়াকে দেখে তার মুগ্ধতার কথাও জানিয়েছেন ‘কাভি আলবিদা না ক্যাহনা’ অভিনেত্রী।বিভিন্ন সময়ে এ দুজনের তোলা ছবি মুগ্ধ করেছে ভক্তদের।
বলিউড অভিনেতা হৃতিক রোশান ও কুনাল কাপুর দুজন দুজনের ছোটবেলার বন্ধু। তারকা হওয়ার পরেও তাদের বন্ধুত্ব রয়েছে আগের মতোই অটুট। তাইতো ‘মহেঞ্জোদারো’র শুটিং শেষে প্রিয় বন্ধুর বিয়ের আসরে (কুনাল ও ন্যায়না নন্দীর) ছুটে যেতে দেখা গেছে হৃতিককে!
বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে সবাই চেনেন কঙ্গনাকে। ঠোঁটকাটা মন্তব্যের জন্য অনেকেরই শত্রুতে পরিণত হয়েছেন ‘কুইন’ অভিনেত্রী। কিন্তু বলিউডে তার সেরা বন্ধু আরেক স্বনামধন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জেতেন জাতীয় পুরস্কার। সে সময় এ আনন্দ উদযাপন করতে একসঙ্গে অনুষ্ঠান করতে দেখা গেছে তাকে। এছাড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে কঙ্গনা বলেন, “প্রিয়াঙ্কা আমার সবচেয়ে ভালো বন্ধু। যেকোনো বিনোদন সাংবাদিকের চেয়ে সে আমার সম্পর্কে বেশি জানেন।”
পরিচালক জোয়া আখতার ও অভিনেতা রণবীর সিং’এর বন্ধুত্ব নানা কারণেই আলোচিত। জোয়ার পরিচালনায় ‘দিল ধড়কনে দো’ সিনেমায় অভিনয়ের সময় দেখেই গাঢ় হয় তাদের বন্ধুত্ব। সামনেই জোয়ার ‘গুল্লি বয়’ সিনেমায় আবারও দেখা যাবে রণবীরকে।
অনেকেই হয়ত জানেন না অমিতাভ বচ্চন তনয়া শ্বেতা নন্দী ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দুজন দুজনের ভালো বন্ধু। বলিউডডের সঙ্গে শ্বেতার সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে সকলের দৃষ্টি কেড়েছে এ দুজনের বন্ধুত্বের সুন্দর কিছু ছবি। সম্প্রতি টুইটারে তাদের একটি ছবি প্রকাশ করে বিগ বি লিখেছেন, “হঠাৎ করেই খুঁজে পেলাম এ ছবিটি। ঠিক কী কারণে জানিনা ছবিটি আমার কাছে অসম্ভব সুন্দর ভালোবাসায় পরিপূর্ণ বলে মনে হয়েছে।”
২০১৩ সালের সাড়াজাগানো সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র পর থেকেই বন্ধুত্বের শুরু রণবীর কাপুর ও আদিত্য রায় কাপুরের। রণবীরের বাসায় প্রায়ই আড্ডা দিতে যান আদিত্য। এমনকি আদিত্যের ও শ্রদ্ধা কাপুরের প্রেম ভেঙে যাওয়ার পর রণবীরই আদিত্যকে সে সময় শোক সামলে উঠতে সাহায্য করেছেন।
