ইমনের পোট্রেট আঁকলেন পূর্ণিমা
‘পোট্রেট’ নামে একটি নাটকে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে। তার বিপরীতে লেখকের চরিত্রে অভিনয় করেছেন ইমন। দু’জনকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের গল্প।
প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন পূর্ণিমা। পাশাপাশি উপস্থাপনাতেও বেশ সপ্রতিভ তিনি। বড়পর্দায় এখন অনেকটা অনিয়মিত হলেও ছোটপর্দায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে। এবার ‘পোট্রেট’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। রুম্মান রশীদ খান-এর লেখা, মো. মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় এবং এসএস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি।
এতে চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর ইমন অভিনয় করছেন প্রবাসে বসবাসরত একজন বাঙালি লেখকের চরিত্রে। পূর্ণিমা-ইমন জুটি আগেও নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন।
পূর্ণিমার সাথে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, “খুব কম সহশিল্পীই একই সঙ্গে বন্ধু এবং অভিভাবক হতে পারেন। পূর্ণিমা তাদের একজন। অভিনয়ে পূর্ণিমা আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সেই সঙ্গে কাজের সময় নির্ভারও থাকা যায়। কোনো বাড়তি চাপ নিতে হয় না। আমার মনে হয় দর্শক আমার সঙ্গে পূর্ণিমার জুটি বেশ পছন্দ করেন।”
নাটকটি সমন্ধে পূর্ণিমা বলেন, “এ ধরনের নাটকে এবং বিশেষ করে আমার অভিনীত চরিত্রে এর আগে কখনো কাজ করা হয়নি। সে হিসেবে দর্শকদের জন্য ‘পোট্রেট’ নতুন ধরনের কিছু হতে যাচ্ছে।”
নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
