২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ‘মুঘল-ই-আজম’এর গান

গত বছর মুম্বাইতে সাড়া ফেলেছিলো ‘মুঘল-ই-আজম’ সিনেমার গান, নাচ ও পোশাক নিয়ে এক বিশেষ আয়োজন। এবারে ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিশেষ আয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 10:12 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ১৯৬০ সালের সাড়াজাগানো সিনেমা ‘মুঘল-ই-আজম’এর স্মৃতিকে দর্শকের সামনে তুলে ধরতে এ বিশেষ আয়োজন করতে যাচ্ছে সিনেমাটির পরিচালক ফিরোজ আব্বাস খান ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। সেপ্টেম্বরের ৯ থেকে ১৭ তারিখ পর্যন্ত দিল্লির জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে চলবে এ আয়োজন।

‘মুঘল-ই-আজম’ পরিচালক ফিরোজ আব্বাস খান বলেন, “দিলীপ কুমার ও মধুবালা জুটির জনপ্রিয় সিনেমা ‘মুঘল-ই-আজম’এর গান, নাচ ও বিভিন্ন অংশের দৃশ্যায়নে অনুষ্ঠিত হবে এ বিশেষ মিউজিক্যাল শো। ভারতীয় মুঘলদের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে। অংশগ্রহণকারীদের পরনে থাকবে মুঘল আমলের রাজকীয় সাজ-পোশাক।”

অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে দিল্লিতে এসে পৌঁছেছে ১৭৫ সদসস্যের একটি বড় দল। দিল্লির আসরটি ২০১৬’র মুম্বাই আসরের চেয়েও জাঁকজমকপূর্ণ হবে বলে মন্তব্য করেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।

এ মুহূর্তে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন ‘মুঘল-ই-আজম’ অভিনেতা দিলীপ কুমার। ৯৪ বছর বয়সি এ অভিনেতার স্ত্রী ও সাবেক ভারতীয় অভিনেত্রী সায়রা বানু বলেন, “দক্ষ ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি। আশা করছি দ্রুতই সেরে উঠবে। সবাই তার জন্য দোয়া করবেন।”

৩ আগস্ট গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয় দিলীপ কুমারকে। বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতার কারণে পানিশূন্যতা ও মুত্রাশয়ের বেদনায় ভুগছিলেন তিনি।