২০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পেলেন সালমান
‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে অবৈধ অস্ত্র ব্যবহার করে সংরক্ষিত ও বিরল প্রজাতির কৃষ্ণ হরিণ শিকার করেছিলেন সালমান খান। তারই ভিত্তিতে ১৯৯৮ সালে করা এক মামলায় আদালতে হাজির হয়েছিলেন ‘সুলতান’ তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৪ আগস্ট এ মামলার শুনানির জন্য আদালতে হাজির হন সালমান। বেলা ১২টা নাগাদ ২০ হাজার রুপি মুচলেকা দিয়ে দিয়ে জামিনের কাগজে সই করে দ্রুতই যোধপুর আদালত থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। ৫ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
সালমানের আইনজীবী হস্তিমাল সরস্বত বলেন, “আদালতের নির্দেশে ৪ আগস্ট শুনানিতে উপস্থিত হয়েছেন সালমান। ৫ অক্টোবর পরবর্তী শুনানির দিন তাকে আর আদালতে আসতে হবে না।”
এ মুহূর্তে মরোক্কোতে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন সালমান। ২০১২ সালের সাড়াজাগানো সিনেমা ‘এক থা টাইগার’এর এ সিকুয়্যালে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
