২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে কুসুমের ‘নেশা’

ইউটিউবে মুক্তি পেয়েছে কুসুম শিকদারের গান ভিডিও ‘নেশা’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 08:31 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

শুধু অভিনয়ই নয়, কবিতাও লেখেন তিনি। এবার লিখলেন লিরিক। তার নমুনা এমন ‘চোখে আমার তোমার নেশা/শ্বাসে আমার তোমার নেশা/সারা দেহে তোমার নেশা/রগে রগে তোমার নেশা।’ হৃদয় খানের সুর ও সংগীতে ৩ আগষ্ট মিউজিক ভিডিও আকারে গানটি মুক্তি পেলো ইউটিউবে। এর আগে টানা তিন মাস ধরে গানটির প্রচার চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ব্যয়বহুল মিউজিক ভিডিওটিতে গানের কথার প্রতিফলনই ঘটেছে, আবেদনময়ীরূপে প্রেমের নেশায় মাতাল এক কুসুম শিকদার ধরা পড়লেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবনী ফেরদৌস। মিউজিক ভিডিওতে কুসুমের পুরুষসঙ্গী হিসেবে দেখা গেছে র‌্যাম্প মডেল সুজনকে।

মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে অন্তর্জালে।একদিনেই দেড় লাখ দর্শক উপভোগ করেছে মিউজিক ভিডিওটি।

নির্মাতা শ্রাবনী ফেরদৌস বলেন, “একটু অন্যরকম কাজ করার চেষ্টা ছিলো পুরো টিমের। আমরা চেয়েছি ইন্টারন্যাশনালি দর্শক ভিডিওটা দেখবে এমন কোনো কনসেপ্টে কাজটা করতে। গানটির ভাবকে পুঁজি করে কিছু বিমূর্ত খন্ডচিত্র আঁকাই ছিলো ইচ্ছে। কতোটা পেরেছি তা দর্শক বলবে।”

কুসুম শিকদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’। তারপর ‘অদল-বদল’ ও ‘জীবনের যত চাওয়া’ নামে দুটি মিশ্র গানের অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই ‘নীল ক্যাফের কবি’|