মঞ্চে ‘আমি ও রবীন্দ্রনাথ’
বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়নে শুক্রবার, ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে প্রাঙ্গণেমোর-এর নবম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই আবর্তীত হয়েছে নাটকের কাহিনি। দেখা যাবে, নাটকের চরিত্র অথৈ একদিন বন্ধুদের নিয়ে শিলাইদহের কুঠিবাড়িতে ঘুরতে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ।
অথৈয়ের সামনে পর পর হাজির হয় ২৯ বছর, ৬৯ বছর, ২১ বছর ও ৮০ বছরের রবীন্দ্রনাথ। এই চার বয়সের রবীন্দ্রনাথের সাথে অথৈয়ের কথা হয় সেই সময়ে তার ব্যক্তিজীবন ও সৃজনশীলতা নিয়ে।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত।
নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনাও করেছেন নূনা আফরোজ । সংগীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।
বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চা করছেন দলটি। এরইমধ্যে প্রাঙ্গণেমোর ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শকনন্দিত হয়েছে।
