‘দ মমি’র লোকসান সাড়ে নয় কোটি ডলার
চলতি বছরের অন্যতম বড় ফ্লপে পরিণত হওয়া টম ক্রুজ অভিনীত বড় বাজেটের সিনেমা ‘দ্য মমি’র লোকসান হয়েছে সাড়ে নয় কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭৩ কোটি টাকারও উপরে!
হলিউড ভিত্তিক বিনোদন ওয়েবসাইট ডেডলাইন বলছে সর্বমোট সাড়ে ৩৪ কোটি ডলার বাজেটে নির্মিত ‘দ্য মমি’ বক্স অফিসে মুক্তি পেয়েছিল ১৬ কোটি ৯০ লাখ ডলারের আয় নিয়ে। ৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে মোটে সাড়ে ৩৯ কোটি ডলার।
এই মোট আয়ের মধ্যে রয়েছে সিনেমাটির টিভি সত্ত্বের মূল্যও। ‘দ্য মমি’র টিভি সত্ত্ব বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ২৫ কোটি ডলারে।
ডেডলাইন বলছে সাড়ে ৩৯ কোটি ডলার থেকে ২৫ কোটি ডলার বাদ দিলে দেখা যায় ‘দ্য মমি’র ক্ষতি হয়েছে সাড়ে নয় কোটি ডলারের। এর চেয়ে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য রৌগ নেইশন’ও অনেক ভালো ব্যবসা করেছিল।
খারাপ ব্যবসার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও নিন্দা কুড়িয়েছে সিনেমাটি। রটেন টমেটোজে এটি মাত্র ১৬ শতাংশ রেটিং পেয়েছে।
‘দ্য মমি’ দিয়ে ইউনিভার্সাল স্টুডিওজ শুরু করছে তাদের ডার্ক ইউনিভার্স সিরিজ। এই সিরিজের আওতায় ড্রাকুলা, উল্ফ ম্যান, উভচর মানবের মতো রূপকথার চরিত্রগুলোকে তুলে আনবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এই চরিত্রগুলোতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনি ডেপ, হাভিয়ের বারদেম-এর মতো অভিনেতারা।
