অর্থসংকটে ‘বিউটি সার্কাস’
অর্থসংকটে অনিশ্চয়তায় পড়েছে জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’।
গত ৬ ফেব্রুয়ারি থেকে টানা দশদিন শুটিং শেষে নওগাঁর সাপাহার গ্রাম থেকে ফেরে চলচ্চিত্রটির শুটিং টিম। পেছনে বিশাল কর্মযজ্ঞের স্মৃতি। হাজার মানুষের অংশগ্রহণে সম্পূর্ণ ভিন্নধর্মী এক চরিত্রে আবির্ভূত হয়েছিলেন জয়া। গল্পটা সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার। সেখানেই সার্কাস কন্যা বিউটি চরিত্রে অভিনয় করছেন জয়া। তার মনে এখনও চরিত্রটির প্রতি প্রেম অক্ষুণ্ন।
বললেন, “শুটিং ছিলো নওগাঁর সাপাহার নামে একটা জায়গায়। একটু রিমোট এরিয়া। খুব শুটিং বান্ধব নয়। কিন্তু সবকিছুর বাইরে দিদারের আয়োজনটা আর টিমের ফোর্সটা ছিলো এমন যে, শুটিংয়ে আমাদের যতটুকু লক্ষ্য ছিলো ততটুকু আমরা পারফর্ম করে এসেছি। যতটুকু কাজ হয়েছে ভালোই হয়েছে। আয়োজনটা খুব বড় ছিলো। সার্কাস শব্দটা শুনলেই তো বুঝতে পারা যায়, এটার সাথে বিশাল টিম জড়িত। আর বাংলাদেশের যে সবচেয়ে বড় সার্কাস দল ‘লক্ষী নারায়ণ সার্কাস’ তাদের নিয়েই আসলে আমাদের আয়োজন।”
নির্মাতার ভাষ্যে, “এমন কিছু মানুষের সন্ধানে আছি যারা সিনেমাটা করতে আমাকে সাহায্য করবে। আমি আমার সিনেমাটা করতে চাই। সেটা জনমানসে একটা কালচারাল চিহ্ন আকারে দাঁড়িয়ে যাবে। তাই অর্থনৈতিক সাহায্য খুব দরকার। বড় অর্থায়ন চাই।”
জয়ার সঙ্গে এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন, চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।
