২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্নল্ড শেয়ার্জনেগারের সেরা পাঁচ সিনেমা

অস্ট্রিয়া থেকে আমেরিকায় অভিবাসী হয়ে আসা চমৎকার দেহসৌষ্ঠবের লোকটি যখন হলিউডে অভিনেতা হওযার চেষ্টা করছিলেন, অনেকেই তখন হেসে উড়িয়ে দিয়েছিলেন আর্নল্ড শেযার্জনেগারের তারকা হওয়ার সমস্ত সম্ভাবনাকে। শরীর গঠনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস্টার অলিম্পিয়া’র খেতাব তিনি জিতেছেন সাতবার! কিন্তু ক্যামেরার সামনে চোখ-মুখের অভিব্যক্তিতে আবেগ তিনি ফুটিয়ে তুলতে পারতেন কমই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

অভিনেতা হওয়ার প্রধান অন্তরায়, এই ‘অভিব্যক্তির অভাব’কেই পরে নিজের অস্ত্র বানিয়ে ছাড়লেন শেয়ার্জনেগার। অভিনয় করতে লাগলেন এমন সব চরিত্রে, যেগুলোতে আবেগের চেয়ে শক্তি-মত্তার প্রাধাণ্য পেয়েছে বেশি। আর এটিই তাকে পরিণত করলো মার্কিন মুলুকের অন্যতম জনপ্রিয় তারকায়!

পেশাদার বডিবিল্ডার থেকে তারকা অভিনেতা এবং পরবর্তীতে সফল রাজনীতিবিদে পরিণত হওয়া আর্নল্ড শেয়ার্জনেগারের ৭০ তম জন্মদিনে চলুন জেনে নিই তার জনপ্রিয় পাঁচ সিনেমার কথা।

১. কোনান দ্য বারবারিয়ান

ক্যারিয়ারের প্রথমবারের মতো সাফল্যের স্বাদ পান আর্নল্ড শেয়ার্জনেগার ১৯৮২ সালের এই সিনেমা দিয়েই। সুগঠিত শরীর আর মার্শাল আর্টে নিজের দক্ষতা প্রমাণ করে আর্নল্ড দেখিয়ে দেন তার ভেতরেও রয়েছে তারকা হওয়ার সমস্ত উপাদান।

 

২. দ্য টার্মিনেটর

আর্নল্ড শেয়ার্জনেগারের যে চরিত্রটি পর্দায় তার সমার্থক হয়ে গেছে, সেটি হলো টার্মিনেটর। জেমস ক্যামেরন এই সিনেমা দিয়ে সায়েন্স ফিকশন সিনেমার জগতে করেছিলেন এক বিপ্লব। আর তাতে সবচেয়ে বড় অবদান ছিল যন্ত্রমানব টার্মিনেটরের ভূমিকায় আর্নল্ড শেয়ার্জনেগারের যথাযথ অভিনয়।

 

৩. টার্মিনেটর টু : জাজমেন্ট ডে

‘দ্য টার্মিনেটর’-এর বিরাট সাফল্যের পর এর সিকুয়েলেও যে শেয়ার্জনেগার ফিরে আসবেন, তা ছিল অনুমেয়ই। তবে এই সিনেমায় জন কনরের বিভীষিকা থেকে টার্মিনেটর বনে যায় তার রক্ষাকর্তায়। কারণ এবারের পর্বে কনরকে মারতে পাঠানো হয় আরও বেশি ভয়াবহ এক যন্ত্রমানবকে।

 

৪. টোটাল রিকল

‘টার্মিনেটর’ সিরিজের পর থেকে সাইফাই মুভির জন্য আর্নল্ড শেয়ার্জনেগারকে ডাকতে শুরু করেন নির্মাতারা। সেই সুবাদেই ‘টোটাল রিক’-এ অভিনয় করেন তিনি ১৯৯০ সালে। তবে আগের সিনেমাগুলোর মতো আবেগহীন যান্ত্রিকতা দিয়ে নয়, এই সিনেমায় তিনি দর্শকদের মন জয় করেন নিজের অতীত ভুলে যাওয়া এক ভবিষ্যতের মানুষের রূপে, যে স্বপ্নের মাধ্যমে হারানো স্মৃতি খুঁজে ফিরে।

 

৫. প্রিডেটর

১৯৮৭ সালের ‘প্রিডেটর’ সিনমোয় আর্নল্ড শেয়ার্জনেগার অভিনয় করেছিলেন এক সৈন্যদলের প্রধান হিসেবে, যারা এক অচেনা পরিবেশে মুখোমুখি হয় নৃশংস এলিয়েনদের। সিনেমার গল্প নড়বড়ে হলেও শেয়ার্জনেগার আরও একবার বাজিমাত করেন অ্যাকশন দৃশ্য দিয়ে।