২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা বাঙালি জয়া ও মাশরাফি

কলকাতায় সেরা বাঙালির পুরস্কার পেলেন বাংলাদেশের জয়া আহসান ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 03:01 PM

Updated : 11 Oct 2022, 02:19 PM

কলকাতায় আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে নিয়মিত দেয়া হচ্ছে ‘সেরা বাঙালি’ পুরস্কার। এবার সেই খেতাব পেলেন বাংলাদেশের দুই অঙ্গনের দুই তারকা। অভিনয়ে সেরা বাঙালি খেতাব জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, অন্যদিকে খেলোয়াড় হিসেবে সেরা বাঙালির পুরস্কার পেলেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে বাংলাদেশের হাবিবুল বাশার ও সাকিব আল হাসান এ খেতাবে সম্মানিত হয়েছিলেন।

এদিকে, শনিবার কলকাতার ওবেরয় হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে সেরার সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। অভিনয়শিল্পী হিসেবে জয়া আহসানের হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ। অন্যদিকে মাশরাফির হাতে পুরস্কার তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।

পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত জয়া আহসান। তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি বাঙালি। আমার বড় পরিচয়। আমার এই পরিচয়টিকে এবিপি আনন্দ সম্মান জানিয়ে এবারের 'সেরা বাঙালি' পুরস্কারে ভূষিত করেছে।আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এ সম্মান পাবার আমি এখনো পুরোপুরি যোগ্য নই। অভিনয় স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তারপর-ও যে কোনো স্বীকৃতি এটি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই।”

তিনি আরও বলেন, “হাজার বছরের বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন আমিও তাদের মতোই একজন নিরলস কর্মী মাত্র। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সৌমিত্র চট্টোপাধ্যায় ,কবি জয় গোস্বামী,রামানন্দ বন্দোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, বিভাস চক্রবর্তী ,পি সি সরকার জুনিয়র, বাংলাদেশের অনুপ্রেরণা মাশরাফি বিন মুর্তজার পাশে দাঁড়িয়ে এ সম্মাননা গ্রহণ করতে পারাটা নিশ্চয়-ই আমি মনে রাখব।

আয়োজক এবং জুরিবোর্ডকে তো ধন্যবাদ দেব-ই। তবে বরাবরের মত ধন্যবাদ দেবো, আমার কাজের সাথে জড়িয়ে থাকা প্রতিটি শিল্পীকে,একজন নির্মাতা, চিত্রনাট্যকার, সহশিল্পী, রূপসজ্জাকর, চিত্রগ্রাহক, পোশাক পরিকল্পক, শিল্প নির্দেশক এবং অবশ্যই আমার দর্শকদের। আপনাদের নি:স্বার্থ মায়ার টানেই আমি আমার সর্বস্ব দিয়েছি অভিনয়কে।”

এবারের আসরে সঙ্গীতে সেরা হয়েছেন কৌশিকি চক্রবর্তী, নাটকে বিভাস চক্রবর্তী, সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে জাদুকর পি সি সরকার (জুনিয়র), বাণিজ্যে কে ডি পাল। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা।