চার সিনেমায় অধরা
অভিষেকের আগেই ঢাকাই চলচ্চিত্র জগতে সাড়া ফেলেছেন নায়িকা অধরা খান। এরইমধ্যে চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চলচ্চিত্রে উঠতি নায়িকা অধরা খান। শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে। ছবিটির শুটিং বেশ আগেই শেষ হয়েছে। আরাবি ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটিতে অধরার বিপরীতে দেখা যাবে সুমিতকে। এছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ, আসিফ প্রমুখ। এর সংগীত পরিচালনায় আছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ।
অধরা জানালেন, “ছবিটির শুধুমাত্র সেন্সরই বাকি আছে। চলতি বছরেই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।”
এটি ছাড়াও ‘মাতাল’ নামে নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শাহীন সুমন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন। সাইমন-অধরা ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন অরিন, মিশা সওদাগর, জয়রাজ, মঞ্জুর মরশেদ, পারিশা প্রমুখ।
এছাড়াও নতুন এক পরিচালকের দু’টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। জানালেন, “খুব শিগগিরই শুটিং শুরু হবে।”
