২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবের প্রশংসায় শুভশ্রী

বাংলাদেশে মুক্তির একমাস পর কলকাতায় ১১২টি হলে মুক্তি পেলো ‘নবাব’। সেই উপলক্ষ্যে কলকাতার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহশিল্পী শাকিব খানকে নিয়ে প্রশংসা ঝরলো নায়িকা শুভশ্রীর কণ্ঠে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 03:01 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

ঈদে মুক্তিপ্রাপ্ত যৌথপ্রযোজনার বিতর্কিত ছবি ‘নবাব’ চলচ্চিত্রে ঢাকাই হিরো শাকিব খানের বিপরীতে প্রথম ক্যামেরা ভাগাভাগি করেছেন টলিউড নায়িকা শুভশ্রী। ঢাকায় ও কলকাতায় ছবিটি চলছে হলে হলে। বাণিজ্যিকভাবেও সফলতার মুখ দেখেছে ছবিটি। যদিও শাকিব খানের ওপর ঝড় বইছে এ ছবিকে কেন্দ্র করে গড়ে ওঠা চলচ্চিত্র পরিবারের আন্দোলনের তোপে। এসবের ভেতরেই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ‘নবাব’।

বাংলাদেশে মুক্তির একমাস পর কলকাতায় ১১২টি হলে মুক্তি পেলো এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি। ছবির প্রচারণায় গিয়ে ‘এবেলা’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বললেন সিনেমাটি নিয়ে তার ভাবনার কথা।

শুভশ্রী বলেন, “শাকিবের সাথে এটা আমার ফার্স্ট ছবি। অবশ্যই শাকিবের একটা বিপুল জনপ্রিয়তা আছে বাংলাদেশে। এখানকার হিরোইনের সঙ্গে ফার্স্ট ছবি রিলিজ করেছে ‘শিকারী’। আমার সাথে সেকেন্ড ছবি। খুব ভালো লাগছে যে ছবিটা বড় ভাবে হিট করেছে। ফিল লাকি অ্যান্ড গুড।”

 

শাকিবের প্রশংসায় শুভশ্রী বলেন, “বাংলাদেশের সুপার ডুপার হিট হিরো হিসেবে শাকিবের কোনো অহংকার নেই, কাজের ব্যাপারে খুব ডেডিকেটেড। খুব কম কথা বলে। শুটিংয়ে দেখা যায় আমরা সবাই মজা, হৈ হুল্লোড় করছি, শাকিবকে পাঁচটা কথা বললে ও উত্তর দিচ্ছে একটা। কথা বললে শুধু কাজ নিয়েই কথা বলে। ওর কাছে যেন আর কোনো টপিক নেই। কাজের প্রতি ওর ভালোবাসা, প্যাশনটাকে এগিয়ে রাখবো।”

এদিকে দেশে ইতমধ্যেই বিতর্কিত তকমা এঁটে যাওয়া চলচ্চিত্রটি নিয়ে নতুন করে কলকাতায় বিতর্কের জন্ম দিয়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। যৌথপ্রযোজনার নীতিমালা ভঙ্গ করে ছবিটি সেখানে মুক্তি দেয়া হচ্ছে এ দেশীয় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছাড়াই। চলচ্চিত্রটি এখনও বাংলাদেশের ৩০টি হলে চলছে।