চলে গেলেন ‘হোম অ্যালন’ অভিনেতা জন হার্ড
‘হোম অ্যালন’, ‘হার্টবিট’, ‘ক্যাট পিপল’, ‘আফটার আওয়ার্স’ সহ অসংখ্য সাড়াজাগানো সিনেমার অভিনেতা জন হার্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
টিএমজি জানায়, শনিবার একটি হোটেল কক্ষে এ তারকার মৃতদেহ দেখতে পান তার গৃহকর্মী। কিছুদিন আগেই এ তারকার পিঠে একটি অস্ত্রোপচার করা হয়েছিলো। চিকিৎসকের পরামর্শেই হোটেল কক্ষে বিশ্রামে ছিলেন তিনি। হার্ড’য়ের মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটেছে তার।
হার্ডের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত রয়েছে তার সহকর্মী ও শুভাকাঙ্খীরা। অভিনেতা মার্লোন ওয়েন্স টুইট পোস্টে লেখেন, “হার্ডের সঙ্গে ‘হোয়াইট চিকস’য়ে অভিনয় করেছিলাম। তার সঙ্গে অসম্ভব সুন্দর কিছু সময় কাটানোর স্মৃতি রয়েছে। তিনি ছিলেন সুন্দর ও পরিচ্ছন্ন মনের মানুষ। হলিউডে তার অবদান অনেক।”
১৯৭০ সালে অভিনয় জগতে প্রবেশ করেন জন হার্ড। ১৯৯০ সালের সাড়াজাগানো সিনেমা ‘হোম অ্যালন’য়ের জনপ্রিয় শিশু চরিত্র কেভিন ম্যাকক্যালিস্টার’রের বাবা পিটার ম্যাকক্যালিস্টার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পান তিনি। এ তারকার অন্যান্য জনপ্রিয় হলিউড সিনেমাগুলো হলো- ‘কাটার্স ওয়ে’, ‘শার্কনাডো’, ‘অ্যানিমেল ফ্যাক্টরি’, ‘গ্ল্যাডিয়েটর’ ইত্যাদি।
মৃত্যুকালে দুই পুত্র ম্যাক্স, ম্যাথু ও মেয়ে আনিকা হার্ডকে রেখে গেছেন তিনি।
