২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ বস’য়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা ?

বিতর্ক যেন পিছু ছাড়ছে না তামিল তারকা কমল হাসানের। ক’দিন আগেই ‘বিগ বস তামিল’ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করা নিয়ে জনগণের রোষের মুখে পড়েছিলেন তিনি। এবারে তার উপস্থাপনায় ‘বিগ বস তামিল’য়ের এক সদস্যের আপত্তিকর মন্তব্যে এক রাজনীতিবিদের তোপের মুখে পড়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 09:13 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস’য়ের তামিল সংস্করণ ‘বিগ বস তামিল’ উপস্থাপনা করছেন তামিল অভিনেতা কমল হাসান। সম্প্রচারের পর থেকেই এ অনুষ্ঠানকে ঘিরে উঠেছে নানা বিতর্ক।

হিন্দু ধর্ম ও তামিল জনগোষ্ঠিকে নিয়ে ব্যঙ্গ করার কারণে ক’দিন আগেই এ অনুষ্ঠানকে নিষিদ্ধ করার দাবি  উঠেছিলো। সম্প্রতি গায়ত্রী রঘুরাম নামের ‘বিগ বস তামিল’য়ে অংশগ্রহণকারী এক সদস্য অন্য আরেক সদস্যকে ‘বস্তিবাসী’ বলেন। এ ঘটনায় অনুষ্ঠান কর্তৃপক্ষ ও উপস্থাপক কমল হাসানের উপর চটেছেন রাজনীতিবিদ কে কৃষ্ণস্বামী।

টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাতকারে কে কৃষ্ণস্বামী বলেন, “অনুষ্ঠানে এভাবে গালাগালি করাটা মোটেও শোভনীয় নয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংলাপ আগে থেকেই যাচাই-বাছাই করা উচিত ছিলো। ‘বাস্তিবাসী’ (ছেরি) কথাটি দিয়ে সমাজের একটি শ্রেণিকে অপমান করা হয়েছে। এর দায় কোনোভাবেই ‘বিগ বস’ কর্তৃপক্ষ এড়াতে পারে না।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে এখনো অবধি কোনো ক্ষমা প্রার্থনা করেনি ওই অংশগ্রহণকারী বা ‘বিগ বস’ কর্তৃপক্ষ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান কর্তৃপক্ষ ও অংশ্রগ্রহণকারীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করবো।”

১৫ জুলাই সম্প্রচারিত হয় ‘বিগ বস তামিল’য়ের প্রথম পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কমল হাসান ও বিজয়।