মঞ্চের আলোয় হুমায়ূনকে স্মরণ করবেন আসাদুজ্জামান নূর
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যের অমর এই স্রষ্টাকে তার সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করতে যাচ্ছে নাট্যদল ম্যাড থেটার।
আগামী ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘হুমায়ূন স্মরণে নদ্দিউ নতিম’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে দলটি। এ আয়োজনে মঞ্চস্থ হবে হুমায়ূনের উপন্যাস ‘কে কথা কয়’ হতে নির্মিত মঞ্চ নাটক ‘নদ্দিউ নতিম’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটক প্রদর্শনী ছাড়াও এ আয়োজনে থাকছে বিশেষ চমক।
হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই কিংবা ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রের জমিদারের মতো অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকমনে চিরস্থায়ী আসন পেতেছেন আসাদুজ্জামান নূর। এবার হুমায়ূন স্মরণে শিল্পকলার মঞ্চে বক্তব্য রাখবেন তিনি।
প্রসঙ্গত, কথাসাহিত্যিক হুমায়ূন নির্মাতা ও গীতিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করলেও তার রচিত কিছু মঞ্চনাটকও রয়েছে। এর আগে ১৯৮২ সালে থিয়েটার আরামবাগ তার রচিত প্রথম মঞ্চনাটক ‘মহাপুরুষ’ মঞ্চে আনে। নিকট অতীতে নান্দনিক নাট্য সম্প্রদায় তার রচিত ‘নৃপতি’ ও নাট্যদল অনাদিকল্প প্রযোজিত ‘১৯৭১’ মঞ্চে আনলেও ম্যাড থেটার প্রযোজিত ‘নদ্দিউ নতিম’ নাটকটিই সম্প্রতি নিয়মিত বিরতিতে মঞ্চে হুমায়ূনের স্মৃতি বহন করে চলেছে।
