একসঙ্গে নাচবেন ফেরদৌস-অপু
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-প্রদান অনুষ্ঠানে পারফর্ম করবেন ফেরদৌস-অপু বিশ্বাস। আগামীকাল থেকে দু’জনে যোগ দেবেন রিহার্সালে।
বছর আটেক আগে একসঙ্গে বড়পর্দায় হাজির হয়েছিলেন ফেরদৌস-অপু বিশ্বাস জুটি। তারপর আর পর্দায় একসঙ্গে দেখা মেলেনি তাদের। দীর্ঘদিন পর এবার এক মঞ্চে হাজির হচ্ছেন তারা। আগামী ২৪ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-প্রদান অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা।
বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। জানালেন, “ফেরদৌস ভাইয়ের সঙ্গে অনেকদিন পর পারফর্ম করব। কিছুক্ষণ আগে কনফার্ম করা হয়েছে। এখন গান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘রাজনীতি’ থেকেই হয়তো একাধিক গানে পারফর্ম করব আমরা। আগামীকাল থেকে যোগ দেব রিহার্সালে।”
গত ঈদে ‘তারকার সাথে উৎসব’ নামে একটি টিভি অনুষ্ঠানে দেখা গিয়েছিল ফেরদৌস-অপু বিশ্বাসকে। অনুষ্ঠানে তাদের সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী পরীমনি।
অপু অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি দেশজুড়ে চলছে। দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছে। পরবর্তী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন অপু বিশ্বাস।
অন্যদিকে ফেরদৌসও ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার নির্মাণকাজে।
