গানের চর্চা না করলে শিল্পী টিকবে না: জিৎ গাঙ্গুলী
রিয়েলিটি শো আপাতত একটি প্ল্যাটফর্ম দিলেও অধ্যবসায় আর সাধনাই সংগীতের ভুবনে টিকে থাকার ‘একমাত্র প্ল্যাটফর্ম’ বলে মনে করেন ভারতীয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী।
টেলিভিশন স্টেশন এটিএন বাংলার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি।
শনিবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে যোগ দেবেন ভারতীয় এই সংগীত পরিচালক।
তার আগে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তরুণদের নিয়ে কাজ করতে ‘বরাবরই আগ্রহী’ ব্যস্ততম এই সংগীত পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বলেন, “ভারতে বা বাংলাদেশে এ মুহূর্তে প্রচুর রিয়েলিটি শো হচ্ছে। শ্রেয়া ঘোষাল, কুনাল গাঞ্জাওয়ালাদের মতো শিল্পীরাও উঠে আসছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হচ্ছে- ল্যাক অফ প্র্যাকটিস। একদমই চর্চা করে না আর ওরা।
“রিয়েলিটি শোর এই প্ল্যাটফর্ম পেয়ে ওরা সো লাকি, কিন্তু ওদের তো চর্চা ধরে রাখতে হবে। আর সেটাই খুব গুরুত্বপূর্ণ।”
তরুণ শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সব সময় কিন্তু ভাগ্য, চ্যানেল হাতে থাকবে না, হাতে যা থাকবে তা হল চর্চা।”
পাশাপাশি টালিগঞ্জেও সমান ব্যস্ত তিনি। ২০০৪ সালে ‘প্রেমী’ চলচ্চিত্রের মাধ্যমে টালিগঞ্জ অভিযাত্রা শুরু করেন ৪০ বছর বয়সী এই সংগীত পরিচালক।
পরে ‘বাপি বাড়ি যা’, ‘পাগলু’, ‘পাগলু-২’, ‘বস’, ‘রংরাজ’, ‘চিরদিন তুমি যে আমার-২’, ‘হান্ড্রেড পার্সেন্ট লাভ’, ‘জোশ’ এবং ‘অমানুষ’ সিনেমায় সংগীত পরিচালনা করেন তিনি।
সংগীত পরিচালক হলেও বেশ কটি সিনেমাতে গেয়েছেনও। তবে সংগীত পরিচালক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন জিৎ।
“আমি যখন কাজ করি, তখন কাজটাকেই প্রাধান্য দেই। মিউজিক ক্রিয়েটর হিসেবেই আমার আনন্দ, এক অন্যরকম ফিলিংস আমার। ডিরেক্টরের পছন্দ তো থাকেই, তারপর আমি ভাবি শ্রোতার পছন্দের কথা।”
বাঙালি পরিবারে জন্ম হলেও বেড়ে ওঠা আর কাজ সবই মুম্বাইয়ে। তবুও বাংলার প্রতি ‘আলাদা’ টানের কথা বলতে ভুললেন না তিনি।
বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে থাকা জিৎ বলেন, “শর্মিলা ঠাকুরের মতো লিভিং লেজেন্ডের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করব। আমার ভীষণ টেনশন হচ্ছে।”
কথায় কথায় তিনি জানান, ২০০৯ সালে অরূপ দ্ত্ত পরিচালিত ‘মর্নিং ওয়াক’ সিনেমার সংগীত পরিচালনার সময় শর্মিলা ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। কিন্তু সেদিন কথা বলার সুযোগ হয়নি।
বাংলাদেশের গান নিয়মিত শোনেন তিনি। ভালোবাসেন ব্যান্ড সংগীতও।
বাংলাদেশের গান নিয়ে জিৎ বলেন, “বাংলা গানে এক অন্যরকম গল্প থাকে। এই গল্প ভীষণ টানে আমাকে।”
বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, “আমি মনে করি, দুই দেশের মানুষের মন জয় করার অন্যতম থেরাপি হল মিউজিক। কোনো দেশ বা সম্প্রদায়কে আলাদা করে আমি গান করছি না। আমি গান করতে চাই সবার জন্য।”
