২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে শাকিব, সিদ্ধান্তহীনতায় পরিচালক সমিতি

নিষেধের খড়গ মাথায় নিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাকিব খান। চলতি মাসের শেষের দিকে ‘আমি নেতা হব’ সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। আদৌ শুটিংয়ে অংশ নিতে পারবে কীনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি চলচ্চিত্র পরিচালক সমিতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 07:35 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

চিত্রনায়ক শাকিব খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। আদৌ তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কীনা তা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা মাথায় নিয়েই আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়ক। পরিচালক উত্তম আকাশের ‘আমি নেতা হব’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

গ্লিটজকে নিশ্চিত করলেন শাকিব নিজেই, “চলতি মাসের শেষের দিকেই শুটিং শুরু হবে ছবিটির।”

মাথার উপর নিষেধের খড়্গ নিয়ে তিনি বললেন, “আশা করি শুটিংয়ে কোনো সমস্যা হবে না।”

তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পরিচালক সমিতি। সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গ্লিটজকে জানালেন, “ছবিটি আসলে কী অবস্থায় আছে সেটা আমার জানা নেই।”

তবে বিষয়টি নিয়ে শাকিবের বক্তব্যের জের ধরে গুলজার জানালেন, “আমরা কখনোই চাই না কারো ক্ষতি হোক। একটা বিষয় হলো, সবাই নিয়মের মধ্যে চললে তো আর সমস্যা হওয়ার কথা না। কারো সঙ্গে ব্যক্তিবিদ্বেষী আচরণ যেন না হয় সেটার প্রতি খেয়াল রাখবো। আগামীকাল জানাতে পারবো ছবিটি নিয়ে আসলে আমাদের করণীয় কী?”

এবার ঈদে তার অভিনীত ‘নবাব’ ও ‘রাজনীতি’ ছবি দু’টি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। হাতে আছে শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র। এতে তার বিপরীতে অভিনয় করছে সায়ন্তিকা ও নুসরাত জাহান। এসকে মুভিজের ‘চালবাজ’ সিনেমায় কাজ করছেন তিনি। টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরোধের জেরে আপাতত ছবিটির শুটিং বন্ধ আছে।