নিউইয়র্কে আনুশকার সঙ্গী বিরাট
চলতি সপ্তাহেই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বলিউডের সবচেয়ে বড় আসর আইফা অ্যাওয়ার্ডস। এতে অংশ নিতে অন্য অনেক তারকার মতোই আনুশকা শর্মাও পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে; সেখানে তাকে সঙ্গ দিতে দেখা গেছে প্রেমিক বিরাট কোহলিকে।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে নিউইয়র্কের ফাঁকা অলি-গলির ছবি দিলেও পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পারেননি আনুশকা। সেখানে তাকে ঠিকই দেখা গেছে ক্রিকেটার প্রেমিক বিরাট কোহলির সঙ্গে।
ছিমছাম পোশাকে এই প্রেমিক যুগলকে ছবিতে হাঁটতে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়। কোহলিকে বহন করতে দেখা গেছে ছাতা ও একটি শপিং ব্যাগও।
আনুশকা-বিরাটের এই ছবি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিরাট কোহলি বরাবরই তাদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে ইঙ্গিত দিয়ে আসছেন তাদের প্রেমের, তবে আনুশকা এব্যাপারে কিছুটা নীরব।
বিরাটের খেলার মাঠে আনুশকাকে দেখা যায় প্রায়ই। বিরাটকেও সম্প্রতি দেখা গেছে আনুশকার একটি ছবির শুটিং সেটে। এবারে নিউইয়র্কে বিরাটকে দেখে অনেকেই ভাবছেন আইফার আসরের সবুজ গালিচায় হয়তো একত্রে হাঁটবেন তারা।
১৪ ও ১৫ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডসের আসর। ১৬ তারিখে হবে সমাপনী পার্টি।
