২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ডের পরবর্তী ছবি পরিচালনা করবেন নোলান?

তার ‘ডার্ক নাইট’ ট্রিলজির হাত ধরেই নতুন জীবন পেয়েছিল ডিসি কমিক্সের সুপারহিরো ব্যাটম্যান। এবার ইয়ান ফ্লেমিঙের অমর সৃষ্টি জেমস বন্ডকেও নতুন করে গড়তে চান বলে জানিয়েছেন ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 09:08 PM

Updated : 25 Jul 2022, 09:00 PM

বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার নির্দেশক কে হবেন- এ নিয়ে বহুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। এই সিরিজের সর্বশেষ দুটি সিনেমা ‘স্কাইফল’ ও ‘স্পেক্টর’-এর নির্মাতা ছিলেন স্যাম মেন্ডেজ। তবে নতুন সিনেমাটি নির্মাণ করতে তিনি যে আর এগিয়ে আসছেন না, সে ব্যাপারটি এখন সুনিশ্চিত। তবে কে তৈরি করবেন নতুন সিনেমাটি?

এদিকে সেই ২০০৫ সাল থেকে বন্ডের চরিত্রে অভিনয় করতে করতে নাকি হাঁপিয়ে উঠেছেন ড্যানিয়েল ক্রেইগ। বিশেষ করে ‘স্কাইফল’ আর ‘স্পেক্টর’-এর হাড়ভাঙা খাটুনির পরে ভুলেও নাকি বন্ড হওয়ার পথে পা বাড়াবেন না- এমন ঘোষণাও দিয়ে রেখেছিলেন তিনি।

ক্রেইগের এই ঘোষণার অর্থ, নতুন কোনো অভিনেতাকে নিয়ে নতুনভাবে বন্ড চরিত্রটিকে ঢেলে সাজাতে হবে নতুন কোনো নির্মাতাকে। আর এক্ষেত্রে ক্রিস্টোফার নোলানের চেয়ে উপযুক্ত নির্মাতা আর কে আছেন?

নোলান নিজেও স্বীকার করেছেন বন্ড প্রযোজকদের সঙ্গে এই ব্যাপারে আলোচনার কথা। প্লেবয় ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বন্ড মুভি? অবশ্যই করতে চাই। আমি এর প্রযোজক বারবারা ব্রকলি এবং মাইকেল জি উইলিয়ামসের সঙ্গে গত কয়েক বছর ধরেই এটা নিয়ে আলোচনা করেছি। আমি গভীরভাবে চরিত্রটিকে ভালোবাসি এবং তারা প্রতিবার এটি নিয়ে নতুন কী করে- সেটা আগ্রহ নিয়ে দেখি।”

তিনি আরও বলেন, “হয়তো কোনো একদিন, এই আলোচনা ফলপ্রসু হবে। আগে তো আপনাকে ওদের প্রযোজন হতে হবে, তাই না? এই চরিত্রটিকে নতুন করে ঢেলে সাজানোর খুবই দরকার এখন। সেকারণেই আমাকে দরকার হতে পারে। তারা এখন সে পথেই এগুচ্ছে।”

চলতি মাসে মুক্তি পাবে নোলানের ক্যারিয়ারের ১১ তম সিনেমা ‘ডানকার্ক’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এতে অভিনয় করেছেন মার্ক রাইল্যান্স, টম হার্ডিদের মতো অভিনেতারা।