‘নমস্তে লন্ডন’য়ের সিকুয়্যাল থেকে বাদ পড়লেন অক্ষয়
ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার জুটির ২০০৭ সালের সাড়াজাগানো সিনেমা ‘নমস্তে লন্ডন’। এবারে এ ছবির নতুন কিস্তি ‘নমস্তে ইংল্যান্ড’য়ে থাকছেন না পুরনো অভিনেতা-অভিনেত্রীদের কেউই।
বিপুল শাহের রোমান্টিক কমেডি ‘নমস্তে লন্ডন’য়ে ভারতীয় প্রবাসী পরিবারের গল্প বলা হয়েছিলো। এ ছবির সঙ্গে মিল রেখেই দ্বিতীয় কিস্তি ‘নমস্তে ইংল্যান্ড’য়েও বলা হবে এক পাঞ্জাবী পরিবারের ইংল্যান্ড যাওয়ার গল্প। তবে আগের কিস্তির সঙ্গে কাহিনি ও বিষয়ে তেমন কোনো মিল থাকবে না বলেই জানিয়েছেন নির্মাতা বিপুল অমরুতলাল শাহ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অক্ষয় কুমারের দুর্দান্ত জনপ্রিয়তা সত্ত্বেও নতুন কিস্তি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তার পরিবর্তে অর্জুন কাপুরকে নেয়া হবেও বলে জানানো হয়েছে নির্মাতার পক্ষ থেকে। শুধু তাই নয়,পরিবর্তন আসছে প্রধান নারী চরিত্রেও। ক্যাটরিনা কাইফের বদলে অর্জুনের বিপরীতে দেখা যাবে নতুন কোনো অভিনেত্রীকে।
মুম্বাই মিরর’কে দেওয়া সাক্ষাতকারে নির্মাতা পক্ষের ঘনিষ্ঠ এক সূত্র বলেন, “অক্ষয়ের সম্মতিতেই ‘নমস্তে ইংল্যান্ড’য়ে অর্জুনকে নেয়া হয়েছে। অক্ষয় ও বিপুল অনেক দিনের বন্ধু। বিপুলের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন অক্ষয়। এ ছবিতে পাঞ্জাবী ও ব্রিটিশ সংস্কৃতির মিল ঘটানোর চেষ্টা করা হয়েছে। পাঞ্জাবী চরিত্রে অর্জুনই বেশি মানানসই এ কারণেই তাকে নেয়া হয়েছে।”
এ ছবির নায়িকা হিসেবে সোনাক্ষী সিনহার নাম শোনা গেলেও এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ২০১৮ সাল থেকে শুরু হবে এ ছবির দৃশ্যধারণের কাজ। ইংল্যান্ড ও পাঞ্জাবের বিভিন্ন অংশে চলবে শুটিং।
