ইউটিউবে দুই গানের লিরিক্যাল ভিডিও
ইউটিউবে মুক্তি পেলো হাবিব-ন্যানসির ‘গোলাপের দিন’ ও ফাহমিদা নবীর ‘ইচ্ছেগুলো’ গানের লিরিক্যাল ভিডিও।
দীর্ঘদিন পর ন্যানসির সঙ্গে কণ্ঠ মেলালেন হাবিব। সেই গান নিয়ে হাবিবেরও কম উত্তেজনা নেই। ভক্তদের সঙ্গে বারবার সেই গান নিয়ে ফেসবুকে মেতে উঠেছেন। অবশেষে ইউটিউবে মুক্তি পেলো হাবিব-ন্যানসির রোমান্টিক গান ‘গোলাপের দিন’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। দুই কনসার্টে অংশ নিতে হাবিব এখন অস্ট্রেলিয়ায়। এদিকে মডেল ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে তার নতুন প্রেমের খবর হাওয়ায় এবার ভালোভাবেই বইছে। অস্ট্রেলিয়া থেকেই হাবিব গানের লিংক শেয়ার করলেন ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে।
এদিকে, গতকাল শনিবার রাতে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন গান ‘ইচ্ছেগুলো’। ‘ইচ্ছেগুলো খোলা মনে, সাত রঙে রঙ মাখে, ভোরের হাওয়ায় উষ্ণ আলোয়, কে যেন কে ডাকে’- এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলাম। সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটি গত ঈদুল ফিতরে শিল্পীর তিনগানের ইপি অ্যালবাম হিসেবে জিপি মিউজিকে প্রকাশিত হয়।
গানটি প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, “আমার লেখা ও সুর করা কোনো গান প্রথমবারের মতো গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী ফাহমীদা নবী আপা। গানটির অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন সজীব দাস।”
গতকাল রাতে গানটির লিরিকাল ভিডিও ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে।
