২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি চেতনা আমার জীবন বদলে দিয়েছে: এ আর রাহমান

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘ইয়েসটারডে, টুডে , টুমরো’ শিরোনামে বিশ্ব সংগীত ভ্রমণে বেড়িয়েছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তার সাফল্যের পেছনে ইসলামী ভাবধারার অবদানের কথা বললেন এই অস্কারজয়ী শিল্পী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 08:33 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

‘রোজা’, ‘বোম্বে’, ‘তাল’ ও ‘লগন’ সহ একাধিক ভারতীয় সিনেমায় প্লেব্যাক করেছেন এ.আর. রাহমান। ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনিয়ার’ সিনেমার জন্য জিতেছেন অস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব ও গ্র্যমি’র মতো নামী দামী পুরস্কার। চলতি বছর সংগীতাঙ্গনে ২৫ বছর পূর্ণ করলেন খ্যাতনামা এই সংগীতশিল্পী।

রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এ আর রাহমান বলেন, “ইসলাম একটি সাগরের মতো। এতে অনেক রকম ভাবধারা রয়েছে। প্রায় ৭০টির মতো ধারা রয়েছে মুসলিমদের। আমি তার ভেতরে সুফি ভাবধারাকে বেছে নিয়েছি। সুফিবাদ প্রেমের কথা বলে। মানুষে মানুষে ভালোবাসার কথা বলে। আজ আমি যে অবস্থানে রয়েছি তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের।”

দক্ষিণ ভারতের এক হিন্দু পরিবারে জন্ম নেওয়া রাহমানের পিতৃপ্রদত্ত নাম ছিল এ এস দীলিপ কুমার। তার বাবার মৃত্যুর পর চরম অর্থসঙ্কটের মুখোমুখি হয় রাহমানের পরিবার। ১৯৮৪ সালে যখন তার বয়স নয় বছর, তখন বোনের অসুস্থতার সময় মাদ্রাসের কাদেরিয়া তরিকার ইসলামী ভাবধারার সঙ্গে পরিচিত হন তিনি।

পরবর্তীতে ২৩ বছর বয়সে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে ইসলামে ধর্মান্তরিত হন তিনি।

তিনি আর ও বলেন, “ইসলামী চেতনা আমাকে বদলে দিয়েছে। আমাকে নতুন জীবন দিয়েছে।”

এ মুহূর্তে বিশ্বজুড়ে যে হানাহানি ও সন্ত্রাসবাদ তার পেছনে দায়ী বিশ্ব-রাজনীতিকেই দায়ী করেছেন এ তারকা। এর জন্য ইসলামকে দায়ী করা যাবে না- এমনটাও বলছেন তিনি।

৮ জুলাই পর্দা উঠেলৈা ‘ইয়েসটারডে, টুডে , টুমরো’ শিরোনামের বিশ্ব সংগীত ভ্রমণের। এতে এ আর রাহমান ছাড়াও আরও গাইবেন মিক জ্যাগার, সারাহ ব্রাইটম্যান ও পুসিক্যাট ডলস’য়ের মতো বিশ্ব তারকারা। লন্ডনের ওয়েম্বলি এসএসই প্রাঙ্গনে বসেছে এর প্রথম আসরটি।

১৪ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ১৮ তম আইফা উৎসবেও গান গাইবেন রাহমান ও তার দল।